ফুটপাত দখল ও দিনে ময়লা ফেলায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখা এবং দিনের বেলায় ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলায় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ও তিনজন ব্যক্তিকে মোট এক লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরের বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।

সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ফুটপাতের ওপর নির্মাণসামগ্রী রাখার অভিযোগে আন্দরকিল্লার হোটেল আল-ইমামকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ফুটপাত দখল করে সেখানে দোকানের পণ্যসামগ্রী রাখার দায়ে কে সি দে সড়কের এ্যাকোয়া অ্যাকুরিয়াম ও বেক এন ফাস্টকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা এবং ঢাকা বীজ ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া দোকানের সামনে ময়লা-আবর্জনা রাখার অভিযোগে আন্দরকিল্লার মিন্টু প্রেসকে ১০ হাজার টাকা এবং দিনের বেলায় ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলায় মোহাম্মদ আরিফকে পাঁচ হাজার টাকা এবং চয়ন দাশকে দুই হাজার টাকা ও মো. তারেককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, ফুটপাত দখলমুক্ত করতে এবং আবর্জনা ব্যবস্থাপনায় শৃঙ্খলা কার্যক্রম ফিরিয়ে আনতে দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর থেকে দিনের বেলার পরিবর্তে রাতের বেলায় ময়লা-আবর্জনা অপসারণের কাজ শুরু করে সিটি করপোরেশন। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলার জন্য নগরবাসীকে অনুরোধ জানিয়ে প্রচারপত্র বিলি করা হয়। নির্ধারিত সময়ের বাইরে যারা ময়লা-আবর্জনা ফেলছেন তাঁদের বিরুদ্ধে ১ জানুয়ারি থেকে আইনি ব্যবস্থা নেওয়া শুরু করে সিটি করপোরেশন।