ফুটপাত দখল করে দোকান, ভোগান্তি পথচারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোংলা বন্দর পৌরসভার ফুটপাত দখল করে দোকান বসানো হয়েছে। এর ফলে পথচারীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। ছবিটি গত শনিবার চৌধুরী মোড় এলাকা থেকে তোলা l প্রথম আলো
বাগেরহাটের মোংলা বন্দর পৌরসভার ফুটপাত দখল করে দোকান বসানো হয়েছে। এর ফলে পথচারীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। ছবিটি গত শনিবার চৌধুরী মোড় এলাকা থেকে তোলা l প্রথম আলো

বাগেরহাট জেলার মোংলা বন্দর পৌরসভার অধিকাংশ ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। এতে পথচারীদের পোহাতে হচ্ছে ভোগান্তি। বছরের পর বছর এ অবস্থা চললেও পৌর কর্তৃপক্ষ ফুটপাত দখলমুক্ত করার কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে এলাকাবাসীর।
মোংলা বন্দর পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৭৫ সালের ১ ডিসেম্বর মোংলা বন্দর পৌরসভা গঠন করা হয়। পর্যায়ক্রমে পৌর এলাকার বাজারসংলগ্ন বিভিন্ন সড়কে ব্যবসায়ীরা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। ২০১২ সালে প্রথম শ্রেণির পৌরসভা হয় মোংলা। বর্তমানে পৌর এলাকার বিভিন্ন সড়কে চার শতাধিক দোকানসহ ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে অধিকাংশ দোকানই দাঁড়িয়ে আছে ফুটপাত দখল করে।
সরেজমিনে গত শনিবার পৌর এলাকার শেখ আ. হাই সড়ক, মেইন রোড, বিএলএস রোড, চৌধুরী মোড়সহ মোংলা পৌর বাজারসংলগ্ন সড়কগুলো ঘুরে দেখা যায়, অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানদার সামনের ফুটপাত দখল করে রেখেছে। কেউ বেঞ্চ বসিয়ে আবার কেউ দোকানের মালামাল ফুটপাতের ওপর রেখে এ দখল বজায় রেখেছেন। অন্যদিকে চৌধুরী মোড়ে গোটা দশেক ফলের দোকান ফুটপাতজুড়ে চালাচ্ছে বেচাকেনা।
শেহালাবুনিয়া এলাকার গৃহিণী লাবণী আক্তার, ফরিদা বেগম ও মমতাজ বানু অভিযোগ করেন, এমনিতেই রাস্তাগুলো অপ্রশস্ত। ভ্যান, নছিমন আর মোটরসাইকেল রাস্তার ওপরই রাখা থাকে। ফুটপাত দিয়েও হাঁটার উপায় নেই। ফুটপাতগুলো দোকানিরা দখল করে রেখেছেন। চলাচলে দারুণ বিড়ম্বনায় পড়তে হয়।
মোংলা বাজার মসজিদের ইমাম তৈয়বুর রহমান ও মোংলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মাহাবুবুর রহমান বলেন, ফুটপাত দূরে থাক, চৌধুরী মোড় ও বাজার এলাকায় সকালে রাস্তা দিয়েও হাঁটা যায় না। তাঁরা অভিযোগ করেন, পৌর কর্তৃপক্ষ পৌরবাসীর স্বার্থ না দেখে ব্যবসায়ীদের স্বার্থ দেখে। তাই দিনের পর দিন এ অবস্থা চললেও পৌর কর্তৃপক্ষ ফুটপাত দখলমুক্ত করতে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না।
ফুটপাত দখল করে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান চালানো অন্তত ১০ জন ব্যবসায়ীর সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাঁদের মধ্যে মাছের আড়তদার ওহিদুল ইসলাম, মিজানুর রহমান ও বৈদ্যুতিক পণ্যসামগ্রী বিক্রেতা রেজাউল শেখ বলেন, দোকানের জায়গা সীমিত। তাই বাধ্য হয়েই দোকানের সামনের ফুটপাতে তাঁরা মালামাল রাখেন। তবে তাঁরা স্বীকার করেন, এভাবে ফুটপাত আটকে রাখাটা তঁাদের ঠিক হচ্ছে না। ফল বিক্রেতা রিয়াজুল ও জাহিদ শেখ বলেন, পৌর কর্তৃপক্ষ যখন তাঁদের সরে যেতে বলে তখনই তাঁরা সরে যান। তারপর আবার বসেন। জীবিকার তাগিদেই এ কাজ করেন বলে জানান এ দুই ফল বিক্রেতা।
এ বিষয়ে মোংলা বন্দর পৌরসভার মেয়র জুলফিকার আলী বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে মাইকিং করে ফুটপাতে বসা দোকানিদের ফুটপাত ছেড়ে দেওয়ার নির্দেশ দিই। ম্যাজিস্ট্রেট দিয়ে এক-দুই মাস পরপরই অবৈধ দোকান উচ্ছেদও করি। এটি আমাদের চলমান প্রক্রিয়া। জনগণের অসুবিধা করে আমরা কোনোভাবেই ফুটপাত দখল করে রাখতে দেব না। খুব শিগগিরই আবার আমরা ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করব।’