ফুটপাত দখল করে ব্যবসা
রাজধানীর শ্যামলী রিং রোডে ফুটপাত ও সড়কের একাংশ দখল করে চলছে নির্মাণসামগ্রীর ব্যবসা। এর ঠিক বিপরীতেই আদাবর থানা। ব্যবসায়ীদের দাবি, তাঁরা পুলিশকে জানিয়েই এ ব্যবসা চালাচ্ছেন।
একইভাবে শ্যামলী ও আদাবর এলাকার বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে রাখা নির্মাণসামগ্রীর কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন অসংখ্য পথচারী। গতকাল মঙ্গলবার এ দুটি এলাকার বিভিন্ন সড়ক ঘুরে অন্তত ৩০টি নির্মাণাধীন ভবনের সামনে নির্মাণসামগ্রী ফেলে রাখতে দেখা গেছে।
রিং রোড এলাকায় গিয়ে দেখা যায়, আদাবর থানার বিপরীত পাশের ফুটপাত ও সড়কের কিছু অংশ দখল করে নির্মাণসামগ্রী রাখা। ইট, বালু, সুরকি, বস্তায় ভরা ইটের গুঁড়া সাজিয়ে রাখা হয়েছে। এগুলোর মধ্যেই দুটি বাঁশের ছাউনির ভেতরে বসার ব্যবস্থা। একটি ছাউনিতে টানানো ব্যানারে দুটি মুঠোফোন নম্বর দিয়ে লেখা আছে ‘শহীদুল ইসলাম কালু, এখানে রড, সিমেন্ট, বালু সুলভ মূল্যে পাওয়া যায়’।
মুঠোফোন নম্বরে ফোন দিতেই শহীদুল ইসলাম ধরলেন। ব্যবসা করতে কারও অনুমতি নিয়েছেন কি না বলতেই হাসলেন। তিনি বলেন, ‘কারও অনুমতি নাই। এক বছরের বেশি সময় ধরে দোকান করতেছি। আরও তো অনেকেই করতেছে।’ পুলিশ উঠিয়ে দেয় কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁরা না চাইলে এত দিন ব্যবসা কেমনে করতাম!’
রিং রোডের এই অংশের দায়িত্বে থাকা মোহাম্মদপুর থানার টহল পরিদর্শক আকতার হোসেন দাবি করেন, ফুটপাত দখল করে ব্যবসার মতো কিছু তাঁর নজরে পড়েনি। তিনি বলেন, ‘এ রকম যদি হয়ে থাকে, অবশ্যই পুলিশ অ্যাকশন নিবে।’ তিনি পুলিশের জ্ঞাতসারেই ফুটপাতে ব্যবসার অভিযোগ অস্বীকার করেন।
শ্যামলীর হলি লেন, রিং রোড, আদর্শ ছায়ানীড়, খিলজী রোড, বায়তুল আমান হাউজিং সোসাইটি, পিসিকালচার এলাকার প্রায় প্রতিটি সড়কের ফুটপাতে নির্মাণসামগ্রী পড়ে থাকতে দেখা যায়। নির্মাণাধীন ভবনের সামনের ফুটপাত ছাড়িয়ে এসব সামগ্রী সড়কে এসে পড়েছে।
এসব এলাকার অন্তত ৩০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, এসব নির্মাণসামগ্রী দিনের পর দিন ধরে ফুটপাতে ফেলে রাখা হচ্ছে। ভবন নির্মাণের দায়িত্বে থাকা ব্যক্তিদের এসব বিষয়ে জানানো হলেও তাঁরা খুব একটা ভ্রুক্ষেপ করেন না।