ফুটপাত দখল করে রেন্ট-এ-কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের পাশে ফুটপাত দখল করে রেন্ট-এ-কারের প্রতিষ্ঠান দেওয়া হয়েছে। এ কারণে চলাচল করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে পথচারীদের l প্রথম আলো
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের পাশে ফুটপাত দখল করে রেন্ট-এ-কারের প্রতিষ্ঠান দেওয়া হয়েছে। এ কারণে চলাচল করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে পথচারীদের l প্রথম আলো

তিন পাশে কাচের দেয়াল আর শাটার দিয়ে তৈরি পুরোদস্তুর দোকানঘর। এটা কোনো বিপণিবিতানের দৃশ্য নয়, রাজধানীর সোনারগাঁও হোটেলসংলগ্ন ফুটপাতের ওপর এভাবেই রেন্ট-এ-কারের দোকান খুলে বসেছে বাংলাদেশ টুরস নামের একটি প্রতিষ্ঠান।
রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা থেকে সোনারগাঁও হোটেলের পাশের ফুটপাত ধরে এফডিসির দিকে হেঁটে এগোলে হোটেলের শেষ প্রান্তে এসে হোঁচট খেতে হয়। সেখানে ফুটপাত দখল করে রেন্ট-এ-কারের দোকানঘরটি স্থাপন করা হয়েছে।
ফুটপাত দখল করে দোকানঘর তৈরি করার ফলে বিপাকে পড়তে হচ্ছে পথচারীদের। ফুটপাতের এই অংশে এসে তাঁদের মূল সড়কে নেমে চলাচল করতে হচ্ছে। রিয়াজ আহমেদ নামের এক পথচারী এই প্রতিবেদককে বলেন, ‘যার যা ইচ্ছা করছে, সবার চোখের সামনে এভাবে ফুটপাতে ঘর তুলে ব্যবসা করছে। অথচ কেউ কিছু বলছে না।’ তবে ঠিক কবে থেকে ফুটপাতের ওপর এই রেন্ট-এ-কারের দোকানটি রয়েছে, তা বলতে পারেননি রাস্তার বিপরীত ফুটপাতের ব্যবসায়ীরা।
ওই রেন্ট-এ-কারের দোকানে গেলে উপস্থিত আনিস মোড়ল নামের এক ব্যক্তি নিজেকে প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক পরিচয় দেন। ফুটপাত দখল করে কেন দোকানঘর তুলেছেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সোনারগাঁও হোটেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দোকানঘরটি তোলা হয়েছে।
ফুটপাতের দায়িত্ব সিটি করপোরেশনের, হোটেল কর্তৃপক্ষের অনুমতি দেওয়ার সুযোগ নেই—এ কথা জানানো হলে তখন আনিস মোড়ল বলেন, তাঁরা সিটি করপোরেশনের কাছ থেকে অনুমতি নিয়েছেন। এ-সংক্রান্ত কাগজপত্র তাঁদের আছে। তবে কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহম্মেদ প্রথম আলোকে জানান, ফুটপাতে দোকানঘর তোলার এ বিষয়টি তাঁদের জানা নেই। তিনি বলেন, ‘ফুটপাতের জায়গা বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই। এ জায়গা বরাদ্দ দিয়ে জেল খাটব নাকি?’