ফুটপাত দখল থেমে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পান্থপথের ফুটপাত দখল করে চলছে রেস্তোরঁার রান্না
পান্থপথের ফুটপাত দখল করে চলছে রেস্তোরঁার রান্না

ফুটপাতগুলো দখল করে দোকান বসানো হয়েছে। কোথাও রেস্তোরাঁর চুলা জ্বলছে ফুটপাতের ওপর। মোটরসাইকেল সারাই, যানবাহন মেরামতের কাজ চলছে ফুটপাত আর সড়কের ওপরে। পথচারীদের পায়ে চলার উপায় নেই। বাধ্য হয়ে সড়ক দিয়েই যাতায়াত করতে হচ্ছে। মেয়র এসব অবৈধ দোকান ও মালামাল সরিয়ে নিতে নির্দেশ দিলেও তা কার্যকর হচ্ছে না।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রায় সব এলাকার চিত্র কমবেশি এ রকম। ফুটপাতের পাশের দোকানদার ও বিপণিবিতানের ব্যবসায়ীরা তাঁদের দোকানের সামনের ফুটপাত দখল করে দোকানের কাজে ব্যবহার করছেন। এমনকি সড়কেও রাখছেন মালপত্র। ফলে পথচারীরা দুর্ভোগে পড়ছেন, তাঁরা বাধ্য হচ্ছেন সড়ক দিয়ে চলতে।
ফুটপাত মুক্ত করতে ৩ মার্চ রাজধানীর দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন উত্তরের মেয়র আনিসুল হক। সভায় সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে রাখা মালামাল সরাতে ব্যবসায়ীদের এক মাস সময় দেন তিনি। ডিএনসিসির ভ্রাম্যমাণ দল বিভিন্ন এলাকা ঘুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ার করে দেন তিনি।
সেই সভায় বিপণিবিতান ও দোকান মালিক সমিতির নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন সড়ক ও ফুটপাতে কোনো মালামাল রাখবেন না। তবে সভার পরে ২০ দিন পেরিয়ে গেলেও বাস্তবে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। মিরপুর, মোহাম্মদপুর, মহাখালী ও পান্থপথ এলাকা ঘুরে দেখা গেছে, ফুটপাতের পাশের অনেক দোকানের মালামাল রাখা আছে ফুটপাত ও সড়কে।
বনানী, গুলশান, মহাখালী এলাকার দোকান মালিক সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, দোকানদারেরাই ফুটপাত দখল করে রাখছেন। সিটি করপোরেশনের পক্ষ থেকে তাঁদের নোটিশ দিতে হবে। মালপত্র সরিয়ে সড়ক ও ফুটপাত মুক্ত করতে ব্যবসায়ীরা সহযোগিতা করবেন।
বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়কের পশ্চিম পান্থপথ অংশে দেখা যায়, সড়কের পাশের খাবার হোটেল ও রেস্তোরাঁর সামনে ফুটপাতের ওপর চুলা জ্বলছে। তৈরি হচ্ছে কাবাব, গ্রিল, পরোটা, মাংসের চাপসহ নানা খাবার। চুলা থেকে ধোঁয়া আর আগুনের উত্তাপ ছড়িয়ে পড়ছে আশপাশে। দিন-রাতের বেশির ভাগ সময়ই চুলা জ্বলতে থাকে। আর সড়কেও সব সময় যানবাহনের ভিড় লেগেই থাকে। এর মধ্যে মানুষজন ফুটপাত ব্যবহার করতে পারে না।
মেয়র আনিসুল হক প্রথম আলোকে বলেন, ঢাকা উত্তরে দেড় লাখের বেশি দোকান আছে। মার্কেট বা মার্কেটের বাইরের বেশির ভাগ দোকানের মালিকেরা মালপত্র ফুটপাত ও সড়কে রাখেন। রেস্তোরাঁর চুলা রাখছেন ফুটপাতে। দোকানের বাইরে কেউ এক ইঞ্চি জায়গাতেও মালামাল রাখতে পারবেন না। অবৈধ দখল করা জায়গা ছেড়ে দিতে ডিএনসিসি সচেতনতা কার্যক্রম চালাবে।
মিরপুরের কালশী সড়কে দেখা যায়, ফুটপাতের ওপরে সিএনজিচালিত অটোরিকশার রংয়ের কাজ চলছে। পাশে চলছে লেপতোশক তৈরির কাজ। এর সামনে করাত কলের কাঠের গুঁড়ি রাখা। আছে লোহালক্কড়, আসবাবের দোকানের বিভিন্ন সামগ্রী। নেই শুধু পথচারীদের হাঁটার জায়গা।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এস এ কাদের বলেন, দোকানের মালিকদের ফুটপাত ও সড়ক দখল করে রাখা মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে। তারপরও সরিয়ে না নিলে সিটি করপোরেশন বিপণিবিতানের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সমিতি তার দায়দায়িত্ব নেবে না।