ফুটপাত-নর্দমা দখল করে স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর শহরের নালা-নর্দমা দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট। সম্প্রতি তোলা ছবি  প্রথম আলো
নাটোর শহরের নালা-নর্দমা দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট। সম্প্রতি তোলা ছবি প্রথম আলো

নাটোর শহরে বিভিন্ন সড়কে ফুটপাত ও নর্দমা দখল করে সাড়ে তিন শর বেশি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। দীর্ঘ সময় পার হলেও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে পথচারীরা চলাচলে সমস্যায় পড়ছেন। এ ছাড়া বর্ষায় জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমে দুর্গন্ধ শহরবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিন ঘুরে ও শহরবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের আটটি সড়কের দুই পাশের ফুটপাত ও পার্শ্ববর্তী নর্দমা দখল করে ৩৭৮টি অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান, ক্লাব ও দলীয় কার্যালয়। পৌরসভা, সদর হাসপাতাল, ভূমি নিবন্ধন (রেজিস্ট্রি) অফিস, এনএস সরকারি কলেজ ও রেলওয়ে কর্তৃপক্ষের জমিও বেদখল হয়ে রয়েছে।

সবচেয়ে বেশি দখল হয়েছে সদর হাসপাতাল সড়ক। এই সড়কের দুই পাশে ৬৪টি অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। এর একটি আল আমিন ফার্মেসি হাসপাতালের সীমানাপ্রাচীর-সংলগ্ন। এই দোকানে ছয় বছর ধরে ওষুধ বিক্রি করছেন নাজমুল আলম। তিনি বলেন, ‘মাসিক ১ হাজার ৫০০ টাকায় দোকান ভাড়া নিয়েছি। ছয় বছর ধরে এখানে ব্যবসা করছি। কেউ কখনো বাধা দেয়নি।’

এর সামনে রয়েছে ‘এনসিসি’ নামের একটি ক্লাবঘর। তবে সম্প্রতি সেখানে জাতীয় শ্রমিক লীগের সাইনবোর্ড ঝোলানো হয়েছে। এ সম্পর্কে জেলা শ্রমিক লীগের সভাপতি মঈনুল হক বলেন, ‘এলাকার ছেলেরা সেখানে ঘর নির্মাণ করেছিল। আমরা অস্থায়ীভাবে কার্যালয় হিসেবে ব্যবহার করছি। শিগগিরই এখান থেকে চলে যাব।’ তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, নেতারা ক্লাবঘর দখল করে নিয়েছেন। 

হাসপাতালের প্রধান ফটকের উত্তরের বেশ খানিকটা জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে টেনিস ক্লাব ও মাঠ। অভিযোগ রয়েছে, প্রশাসনের পদস্থ কর্মকর্তাসহ শহরের অভিজাত লোকজন এখানে খেলাধুলা করেন। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, ‘হাসপাতালের সামনের অংশ জুড়ে দোকানপাট হয়েছে। অনেকবার নিষেধ করেছি। কিন্তু কেউ কথা শোনে না। এগুলো ভাঙার ক্ষমতা আমাদের নেই।’

হাসপাতাল সড়ক থেকে কান্দিভিটুয়া মহল্লার দিকে চলে গেছে আরেকটি সড়ক। এই সড়কের দুপাশের সরকারি জমির অংশবিশেষ দখল করে  ৩০টি অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে।

এ ছাড়া মাদ্রাসা মোড় থেকে বগুড়া সড়কের দুই পাশে ৫২, শুকলপট্টি সড়কে ১১, এনএস কলেজ মাঠের পূর্ব সড়কে ৩২, নাটোর-রাজশাহী সড়কে (শহরের প্রধান সড়ক) ১০৫, রসুলের মোড় সড়কে ৪২, স্টেশন সড়কে ৫২ ও মাদ্রাসা মোড় থেকে হরিশপুর মোড় সড়কে ৫২টি অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। শহরের মাঝ দিয়ে চলে গেছে নাটোর-রাজশাহী সড়ক। শহরে বাজার করতে আসা নিলুফা ইয়াসমিন বলেন, ‘নাটোর শহরে ফুটপাত বলে কিছু নেই। বাধ্য হয়েই সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে।’

পৌরসভার মেয়র উমা চৌধুরী বলেন, সমস্যাটা বাস্তব। এটা নিয়ে প্রশাসনের বিভিন্ন ফোরামে বহুবার কথা হয়েছে। পৌরসভার একার পক্ষে দখলদারদের উচ্ছেদ করা সম্ভব নয়।

জেলা প্রশাসক শাহিনা খাতুন বলেন, এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ দেন না। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।