ফুটপাত বেদখল, রাস্তায় হাঁটে পথচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার চারমাথা এলাকার সড়কগুলোর ফুটপাত এখন হকার ও ব্যবসায়ীদের দখলে। আর পথচারীরা চলাচল করেন সড়ক দিয়ে। হকার ও ব্যবসায়ীদের অভিযোগ, ফুটপাতে দোকান বসানোর জন্য পৌরসভার কর্মচারীরা তাঁদের কাছ থেকে চাঁদা নেন।
শহরের ব্যস্ততম চারমাথা মোড়ে এসে মিলেছে নওগাঁ, সাপাহার, ধামইরহাট ও মাতাজী সড়ক। পৌরসভার বেশির ভাগ ব্যবসাপ্রতিষ্ঠান ও ক্লিনিক এই এলাকায় অবস্থিত। ফলে শহরের এই এলাকাটি প্রায় সব সময় ব্যস্ত থাকে।
গত ২১ জানুয়ারি চারমাথা এলাকা ঘুরে দেখা গেছে, চারটি সড়কের ফুটপাতের বেশির ভাগ অংশ হকার-ব্যবসায়ীদের দখলে। আছে চা-খাবারের দোকান, ফলের দোকান। হকাররা ফুটপাতে বিছিয়ে বসেছেন শীতের কাপড়সহ হরেক রকমের পণ্য। ভিড়ের কারণে পথচারীদের হেঁটে যাওয়ার সুযোগ নেই। বেশির ভাগ পথচারী সড়ক দিয়ে হাঁটছেন।
শুধু চারমাথা নয়, পৌরসভার নজিপুর সরকারি কলেজসংলগ্ন এলাকায় আসবাব ও গাড়ি মেরামতের দোকান ফুটপাত দখল করে রেখেছে। হকার-ব্যবসায়ীদের পাশাপাশি ফুটপাতের পাশে অনেক গাড়িও থেমে আছে। এ কারণে সড়ক আরও সরু হয়ে গেছে। চারমাথায় এসব সড়কে ফুটপাত ও ফুটপাতসংলগ্ন রাস্তা দখলে থাকায় দুই সারিতে গাড়ি যাতায়াত করতে পারে না।
ধামইরহাট সড়কে ফল ও শীতের পুরোনো কাপড়ের দোকানের সারি। কাপড় বিক্রেতা জয়নুল হক বলেন, শীতের সময়ে তিন মাস এখানে ব্যবসা করেন। তারপর চলে যাবেন।
পথচারী আবদুর রহিম বলেন, ‘চারমাথা এলাকার সড়কগুলো সব সময় দখলে থাকে। দখল হতে হতে এমন অবস্থা হয়েছে যে পথচারীদের এখন রাস্তার মাঝখান দিয়ে চলাচল করতে হয়।’
চারমাথা বাসস্ট্যান্ডে সাপাহার থেকে রাজশাহীগামী বিআরটিসির বাসের চালক রফিকুল ইসলাম প্রায় ১০ বছর ধরে সাপাহার-রাজশাহী রুটে বাস চালাচ্ছেন। তিনি বলেন, পাঁচ বছর আগেও চারমাথা এলাকার ফুটপাতগুলোতে কিছু ছিল না। কিন্তু এখন ফুটপাত পুরো দখল হয়ে গেছে। মাঝেমধ্যে হকাররা সড়কের ওপরেও বসে পড়েন। নজিপুর পৌরসভার ওই জায়গায় ৫ মিনিটের রাস্তা যেতে এখন ২০-২৫ মিনিট লেগে যায়।
পাঁচ বছর ধরে চারমাথায় ব্যবসা করছেন—এমন একজন ব্যবসায়ী বলেন, এখানে দোকান করার জন্য পৌরসভার লোকজন প্রতি মাসে চাঁদা নিয়ে যান। ফুটপাত দখল করে ব্যবসা করা ঠিক না, তিনি তা জানেন। কিন্তু অন্য কোথাও জায়গা ভাড়া নিয়ে ব্যবসা করার সামর্থ্যও তাঁর নেই।
ফুটপাতের পাঁচজন ব্যবসায়ী ও হকার বলেন, প্রতি মাসে ১০০ থেকে ১৫০ টাকা করে তাঁদের কাছ থেকে নেওয়া হয়। পৌরসভার লোকেরাই এই টাকা নেন।
নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর ফুটপাতের দোকানদারদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আগের মেয়রের আমলে কিংবা বর্তমানে পৌরসভার কোনো কর্মচারী ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছেন কি না, তা তাঁর জানা নেই। চারমাথা ও কলেজ এলাকার ফুটপাতগুলো দখলমুক্ত করার জন্য তিনি শিগগিরই ব্যবস্থা নেবেন।