ফুটপাত রাস্তা দোকানের দখলে

খুলনা নগরের ৩০ নম্বর ওয়ার্ডের রূপসা ট্রাফিক মোড় থেকে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল পর্যন্ত প্রায় এক কিলোমিটার ফুটপাতের পুরোটাই দখল করে রেখেছেন কাঠের আসবাবের দোকানিরা।
অনেক দোকানিরা ফুটপাত ছাড়িয়ে রাস্তার ওপরেও আসবাব রেখেছেন। এতে রাস্তা সরু হয়ে গেছে। এ ছাড়া ট্রাফিক মোড়ে রয়েছে ইজিবাইকের স্ট্যান্ড। সব মিলিয়ে নগরের ওই অংশে যানজট লেগেই থাকে। এতে ভোগান্তি পোহাতে হয় পথচারীদের।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, নগরের অন্যতম প্রবেশপথ রূপসা ট্রাফিক মোড়। সেখান থেকে খানজাহান আলী সড়কের এক পাশে সিটি করপোরেশনের ড্রেন। সেই ড্রেনের স্ল্যাবের ওপরই বসানো হয়েছে ৫৫ থেকে ৬০টি কাঠের দোকান। প্রতিটি দোকানের সামনের ফুটপাতে কাঠের চেয়ার, টেবিল, পালঙ্ক, আলনা, চৌকিসহ বিভিন্ন আসবাব সাজিয়ে রাখা হয়েছে। ফুটপাতের ওপর ও সড়কের কিছু অংশজুড়ে তৈরি হচ্ছে এসব আসবাবসামগ্রী। ভ্যান ও ঠেলাগাড়িতে করে দোকানের সামনে আনা হচ্ছে কাঠ।
নগরের ওই অংশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়, মৎস্য প্রক্রিয়াজাতকরণ কোম্পানি, ব্যাংক, হাসপাতাল, স্কুল, কলেজসহ বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে।
রোববার দুপুরে কথা হয় জাফর খান নামের এক পথচারীর সঙ্গে। তিনি বলেন, রূপসার ফুটপাত ধরে হাঁটা সম্ভব না। আর রাস্তায় ইজিবাইকের চাপ তো আছেই। বিষয়টি চোখ সওয়া হয়ে গেছে। দেখার তো কেউ নেই, মেনে নেওয়া ছাড়া কী আর করা!
৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মদ আমান উল্লাহ আমান বলেন, ‘কয়েক বছর আগে ড্রেনের ওপর থেকে দোকান সরাতে তাদের নোটিশ দেওয়া হয়েছে। তারপরও তারা কীভাবে আছে, জানি না।’ জনপ্রতিনিধি হিসেবে অবৈধ দখলমুক্ত করতে আপনার দায়িত্ব আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে পুরো দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। সরকারি সাইনবোর্ড না থাকলে কেউ মানতে চায় না। সেখানকার ব্যবসায়ী এনামুল হক বলেন, ‘এখানে ব্যবসা করায় কোনো দিন কেউ কিছু বলে না। খুলনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর মতো অতি গুরুত্বপূর্ণ কেউ এলে ফুটপাত থেকে আমাদের দোকানের ভেতরে যেতে বলা হয়।’
আরেক ব্যবসায়ী জালাল উদ্দীন ভূঁইয়ার দাবি, ৪০ বছর ধরে সেখানে ব্যবসা করছেন। তিনি বলেন, ‘যুগ যুগ ধরে এখানে ব্যবসা করছি। সবাই দখলে রেখেছে তাই আমিও রাখছি। সবাই ছেড়ে দিলে আমিও দেব।’
খুলনা সিটি করপোরেশনের সম্পত্তিবিষয়ক কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বলেন, সত্তরের দশকে ড্রেনের ওপর ঘর তুলে ভাড়া দিয়ে ব্যবসা করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। কয়েক বছর আগে খালের উন্নয়নমূলক কাজের জন্য ওই বরাদ্দ বাতিল করে তাদের নোটিশ দেওয়া হয়েছে। এখনো কাজ শুরু না হওয়ায় ঘরগুলো আপাতত ভাঙা হচ্ছে না। তবে সপ্তাহ খানেকের মধ্যে আবার উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান তিনি।