রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনাল-সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এখনো অবৈধ দখলমুক্ত হয়নি। টার্মিনালের পাশেই সিএসডি গোডাউন-সংলগ্ন এই সড়কের দুই পাশের ফুটপাতের পুরোটা জুড়ে গড়ে উঠেছে নানা ধরনের অস্থায়ী বসতি, দোকান, গ্যারেজ ও গোসলখানা। আর চওড়া রাস্তার দুই পাশে অর্ধেকেরও বেশি জায়গাজুড়ে সারিবদ্ধ করে রাখা আছে নানা আকারের ট্রাক-কাভার্ড ভ্যান।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান অ্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রথম আলোকে বলা হয়, কদিন আগে তেজগাঁও রেলগেট থেকে সাতরাস্তা পর্যন্ত আসতে মূল সড়কটির এক পাশ দখলমুক্ত করতে পারলেও কিছুসংখ্যক প্রভাবশালী ব্যক্তির কারণে সিএসডি গোডাউন-সংলগ্ন রাস্তা থেকে দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না।
প্রস্থে ৩০ ফুটেরও বেশি এ সংযোগ সড়কটি রেলগেট থেকে ডান দিকে ঢুকে সাতরাস্তার কাছাকাছি জায়গায় আবার মূল সড়কে মিলেছে। এর এক পাশে তেজগাঁও সিএসডি গোডাউন এবং অন্য পাশে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নিয়ন্ত্রকের কার্যালয় এবং তারভান্ডার। সরেজমিনে দেখা যায়, সিএসডি গোডাউনের সীমানাপ্রাচীর ঘেঁষা ফুটপাতের এক ইঞ্চি জায়গাও দখলদারির বাইরে নেই। এ ছাড়া রাস্তাজুড়ে রাখা ট্রাক-কাভার্ড ভ্যানের সারি চওড়া এ সড়কটিকে একটি সরু গলিপথে পরিণত করেছে। রাস্তার দুই পাশে বিভিন্ন আকারের অন্তত ৫০টি অস্থায়ী বসতি, ২০টির বেশি ট্রাক-কাভার্ড ভ্যান সারাইয়ের গ্যারেজ এবং কয়েকটি বডি তৈরির কারখানা।
২০ বছরেরও বেশি সময় ধরে ট্রাক-কাভার্ড ভ্যান পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক মালিক প্রথম আলোকে বলেন, ‘দখলদারেরা এ এলাকা ছাড়তে চাইবে না, এটাই স্বাভাবিক। এই রাস্তাটি থেকে তারা লাখ লাখ আয় টাকা আয় করে। এখানে একটি ছাপরা চায়ের দোকান বসাতেও তাদেরকে অন্তত ২০ হাজার টাকা আগাম দিতে হয়। আর মাসিক ভাড়া তো আছেই।’
রেলগেট-সাতরাস্তা মূল সড়ক এবং এ সংযোগ সড়কটি ধরে ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা থেকে তেজগাঁও, মহাখালী ও বনানীর দিকে যাওয়া যায়। গুলশান নিকেতনে যাওয়ার সহজ রাস্তাও এটি। এই রাস্তা দুটি ব্যবহার করে তেজগাঁও এলাকার তিনটি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ, জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউট ও কয়েকটি গণমাধ্যমের প্রধান কার্যালয়সহ বহু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা যাওয়া-আসা করেন। এ ছাড়া রাস্তা দুটি ফার্মগেট ও তেজগাঁও এলাকার অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান পথ।
সংযোগ সড়কটি থেকে দখলদারদের উচ্ছেদ করতে না পেরে নিজেদের অসহায়ত্বের কথা জানালেন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খান। তিনি বললেন, ‘আমি তাদেরকে (দখলদার) বলছি, আমরা ফুটপাত দখল করছি বাড়ি দিয়া আর রাস্তা দখল করছি গাড়ি দিয়া। এইটা তো চলতে পারে না। ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে আমরা সর্বশক্তি নিয়োগ করছি। বেশির ভাগ লোকই এখন আমাদের পক্ষে। অল্প কিছু মানুষ আছে, যারা এইটা চায় না।’