ফুটপাতে অবৈধ দোকানের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ অফিসার্স কোয়ার্টারের সামনের সড়কের দক্ষিণ বেগুনবাড়ি অংশে ফুটপাতের জায়গা দখল করে গড়ে উঠেছে ফল ও সবজির বাজার l ছবি: প্রথম আলো
টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ অফিসার্স কোয়ার্টারের সামনের সড়কের দক্ষিণ বেগুনবাড়ি অংশে ফুটপাতের জায়গা দখল করে গড়ে উঠেছে ফল ও সবজির বাজার l ছবি: প্রথম আলো

মধ্য বেগুনবাড়ির টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ অফিসার্স কোয়ার্টারের সামনের সড়কে সাব-পোস্ট অফিস ঢাল থেকে দক্ষিণ বেগুনবাড়ির আজমেরী মোড় পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাতে গড়ে উঠেছে জমজমাট বাজার।
ফুটপাতের এ বাজারে আছে দুই শতাধিক দোকান। বিক্রি হচ্ছে মাছ, মাংস, কাপড়, ফল, সবজি, চা-পান, মনিহারি দ্রব্যসহ হরেক রকম পণ্য। আরও আছে সেলুন, খাবারের হোটেল, কাঠের আড়ত, পুরোনো মালামাল ক্রয়-বিক্রয়, মোটর মেকানিক, ইলেকট্রনিক সামগ্রী সারাই, মোবাইল সামগ্রী, বইয়ের দোকানসহ রিকশাভ্যানের গ্যারেজ।
গতকাল বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায়, মধ্য বেগুনবাড়ির বটতলায় ফুটপাত ও কিছু পরিত্যক্ত জায়গায় গড়ে উঠেছে মাছ ও সবজির বাজার। সেখানে আছে ২৭টি দোকান। বটতলা থেকে সড়কের দক্ষিণ দিক বরাবর দীপিকা মোড় পর্যন্ত ছড়িয়ে আছে এই বাজার। দুই পাশের ফুটপাতজুড়ে আছে শতাধিক দোকান। একই সড়কের দক্ষিণ বেগুনবাড়ি অংশের দীপিকা মোড় থেকে আজমেরী মোড় ছাড়িয়ে দক্ষিণে আরও কিছু অংশ পর্যন্ত বাজারের পরিধি। এ অংশে দোকান প্রায় ৮০টি। খাবারের হোটেল, চা-পান, সবজি, ফলের দোকানসহ আছে কয়েকটি চেরাই কাঠ, মোটর মেকানিক ও পুরোনো মালামাল ক্রয়-বিক্রয়ের দোকান। সড়কের দুই পাশের ফুটপাতজুড়ে এসব দোকানের বিস্তৃতি।

বটতলা মোড়ের কয়েকজন ব্যবসায়ী দাবি করেন, বটতলা বাজারটি একসময় অবিভক্ত সিটি করপোরেশন অনুমোদিত ছিল। এখন অনুমোদন স্থগিত আছে। পুরোনো ব্যবসায়ীদের কেউ কেউ রয়ে গেছেন। ফুটপাত ও পতিত জমির দখল নিয়ে নতুন অনেকে ব্যবসায় নেমেছেন। জানা গেছে, এই এলাকায় দোকান বসাতে প্রতি মাসের চুক্তিতে টাকা দিতে হয়। স্থানীয় নেতা-কর্মীরা এই মাসোহারা আদায় করেন। অগে যেসব বস্তি ছিল, এখন সেসব হোটেল হয়ে গেছে।

বটতলার প্রবীণ মাছ ব্যবসায়ী আবদুল জব্বার বলেন, ‘আমাদের তো চলতে হবে। এখানে ২৭টা দোকান চালু আছে। ২৭টা পরিবারের প্রায় ১২০ লোকের বেঁচে থাকা নির্ভর করে এ বাজারের ওপর। বাজারের দুই-তৃতীয়াংশই সরকারি পতিত জায়গার ওপর।’ দেখা যায়, সড়কের দুপাশের অনেক স্থানেই কংক্রিটের ঢালাই করা ফুটপাতের অস্তিত্ব নেই। এ সড়কে ভারী যানবাহন কম চলে। যানজট তেমন লাগে না। ব্যক্তিগত গাড়ি ও রিকশাভ্যানের চলাচলই বেশি। মধ্য ও দক্ষিণ বেগুনবাড়ির প্রায় সব সড়কের ফুটপাতই কম-বেশি রিকশাভ্যান গ্যারেজের দখলে। পায়ে চলা লোকজন ঝুঁকি নিয়ে রাস্তা দিয়েই যাতায়াত করছে।

এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। বিষয়টি জানালে ওয়ার্ড কাউন্সিলর মো. সফিউল্লা প্রথম আলোকে বলেন, ‘এ বছরের শুরুর দিকে চার মাস ফুটপাতের সব দোকান বন্ধ ছিল। রমজান মাস উপলক্ষে ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকানগুলো খুলেছে। রোজা শেষ হোক, ঈদের পর আবার সব বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করব।’