রাজধানীর উত্তরায় ৪ নম্বর সেক্টরের শাহজালাল অ্যাভিনিউয়ের নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশে ফুটপাতের ওপরেই গড়ে উঠেছে একটি বড়সড় ফলের বাজার। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। ফুটপাত দখল হওয়ায় ঝুঁকি নিয়ে রাস্তার ওপর দিয়েই যাতায়াত করছে পথচারীরা। ফলে ব্যস্ত এ সড়কে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
সরেজমিনে দেখা গেছে, স্থায়ী ও অস্থায়ী ৩৫টি ছোট-বড় ফলের দোকান। ক্রেতাদের প্রচণ্ড ভিড়। বিক্রি হচ্ছে কলা, তরমুজ, আনারস, আপেল, আঙুর, রঙিন আঙুর, কমলা, বেদানা, নাশপাতি, মালটা, আমলকী, বেল, আমড়া, পেয়ারাসহ হরেক রকমের মৌসুমি ফল। ক্রেতারা রাস্তায় দাঁড়িয়েই কেনাকাটা করছে। পথচারীরা চলাচলের জায়গা পাচ্ছে না। বেশি অসুবিধা মহিলাদের। পর্যাপ্ত জায়গা না থাকায় তাঁরা ভিড়ের মধ্য দিয়েই যাতায়াত করছেন। এখানকার স্থায়ী বাসিন্দা রহিমা খাতুন বলেন, ‘মহিলাদের অসুবিধা সব জায়গায়। রাস্তায় হাঁটার জায়গা নেই। ধাক্কাধাক্কি করে ভিড়ের মধ্যেই চলা লাগে। রাস্তায় উঠতে ভয় লাগে, যদি দুর্ঘটনা ঘটে।’
কয়েক জন দোকানির সঙ্গে কথা বললে তাঁরা জানান, সরকারি ফাঁকা জায়গা পেয়েই বসেছেন। বাঁশ-কাঠের খুঁটি বসিয়ে স্থায়ী ও অস্থায়ী বিভিন্ন ধরনের দোকান দিয়েছেন বিক্রেতারা। কেউ এখান থেকে চাঁদা বা মাসোহারা তোলেন না বলে তাঁরা জানালেন। বাজারটির বয়স ২০-২৫ বছর। মাঝেমধ্যে সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালায়। কয়েক দিন পর আবার বাজার বসে যায়।
ব্যবসায়ীদের একজন রফিকুল ইসলাম বলেন, ‘কারও কোনো অনুমতি নাই। ব্যবসা করতে বইছি। পুলিশ আইসা উঠায় দেয়, চইলা যাই, আবার আইসা বসি। বাজার তো বহুদিনের। ২৫ বছর ধইরা ব্যবসা করতাছি। মাইনষের অসুবিধা একটু হয়, তয় আমগো তো চলতে হইবো।’
শাহজালাল অ্যাভিনিউয়ের ফুটপাতের ফলবাজারটি প্রতিদিন সকাল নয়টায় বসে, আর বন্ধ হয় রাত নয়টার পরে। বিকেলে ও সন্ধ্যারাতে ভিড় থাকে বেশি।
সাধারণত দুপুরে স্কুল-কলেজ ছুটি হলে শিক্ষার্থীদের যাতায়াত বেড়ে যায় রাস্তার এ অংশে। দুর্ঘটনার শঙ্কা নিয়েই শিক্ষার্থীরা রাস্তার ওপর দিয়ে বাজারের অংশটুকু পার হয়। স্কুলশিক্ষার্থী তাসনিম হাসান বলে, ‘সেদিন আমি রিকশার ধাক্কায় পড়ে গেছি। কী করব? রাস্তা দিয়েই যেতে হয়। এখন আমরা স্কুল থেকে দল বেঁধে বের হই। অনেকে একসঙ্গে থাকলে দুর্ঘটনার ভয় কম থাকে।’
এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর অঞ্চলে। এ সম্পর্কে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নিয়ম অনুযায়ী আমাদের উচ্ছেদ অভিযানগুলো সম্পত্তি বিভাগের নির্দেশনা মেনে চলে। এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা বিষয়টি সম্পত্তি বিভাগকে জানাব। নির্দেশ এলে উত্তরার অন্য সব অবৈধ স্থাপনা, দোকান ও বাজারের সঙ্গে এটিও উচ্ছেদ করা হবে। আশা করছি নতুন বছর শুরুর আগে পুরো উত্তরাই অবৈধ স্থাপনা, বাজার ও দোকান মুক্ত হবে। সেভাবেই আমাদের কাজ চলছে।’