
চুল কাটার সেলুন, ভাতের হোটেল, প্লাস্টিক সামগ্রী থেকে শুরু করে সব জিনিসের দোকানপাটই আবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাতে ফিরে এসেছে। উচ্ছেদের কিছুদিন পর থেকেই এই দখল শুরু হয়েছে। সম্প্রতি হাসপাতালের সামনের রাস্তার দক্ষিণ পাশের ফুটপাতের পুরোটাই ব্যবসায়ীদের দখলে চলে গেছে। এতে করে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তার দুই পাশ দিয়েই ফুটপাত রয়েছে। নগরের ঘোষপাড়া মোড় থেকে লক্ষ্মীপুর মোড় পর্যন্ত রাস্তার দুই ধারের এই ফুটপাত থেকে মাঝেমধ্যে দোকানপাট উচ্ছেদ করা হয়। কিন্তু স্থায়ীভাবে এর সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয় না। ফলে কয়েক দিন পরই ধীরে ধীরে আবার দোকানপাট ফুটপাতে ফিরে আসে। এই দোকানের কারণে ফুটপাত দিয়ে পথচারীরা চলাচল করতে পারেন না। আবার মূল রাস্তার দক্ষিণ পাশ দিয়ে শ খানেক মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স লাশ ও রোগী টানার জন্য অপেক্ষায় থাকে। একইভাবে উত্তর পাশ দিয়ে থাকে ব্যাটারিচালিত অটোরিকশার সারি। অবশিষ্ট রাস্তা দিয়ে রোগীর স্বজনদের ছোটাছুটির মধ্যে যানবাহন ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে। রোগী বহনকারী অ্যাম্বুলেন্স এই সড়কে ঢুকে বেকায়দায় পড়ে।
৫ মার্চ দুপুরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে গিয়ে দেখা যায়, সড়কের দক্ষিণ পাশের ফুটপাতের ওপর দিব্যি চেয়ার পেতে স্যালুনের ব্যবসা খুলে বসেছেন এক নাপিত। তার পাশেই প্লাস্টিক সামগ্রীর বিরাট দোকান। তাদের পাশে ঘর তুলে দোকান দিয়েছেন আরেক ব্যবসায়ী। তার পশ্চিম পাশেই খাবারের হোটেলের চেয়ার-টেবিল ফুটপাতের ওপর তুলে রাখা হয়েছে। বিকেল হলেই এগুলো রাস্তায় মেলে ভাতের হোটেল চালু করা হয়। এ রকম দোকানের শেষ নেই। উত্তর পাশের ফুটপাতের কিছু জায়গা ফাঁকা থাকলেও নিচ দিয়ে রাস্তা দখল করে রয়েছে ভ্রাম্যমাণ দোকানের সারি।
সবচেয়ে বড় প্লাস্টিক সামগ্রীর দোকানের মালিকের খোঁজ করতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। এ দোকানের পশ্চিম পাশে আরেকটি বড় দোকান রয়েছে। তারাও প্লাস্টিক সামগ্রী বিক্রি করছে। ওই দোকানের মালিককেও পাওয়া গেল না। তবে কর্মচারী নান্নু বললেন, দোকানের মালিকের নাম অমল বাবু। তাঁর বাড়ি নগরের মালদহ কলোনি এলাকায়। কীভাবে দোকান চালাচ্ছেন, তিনিই বলতে পারবেন। তিনি কর্মচারী। শুধু বেচাকেনার হিসাব রাখেন।
ফুটপাতের ওপর ঘর তুলে কনফেকশনারি চালাচ্ছেন নগরের সিপাইপাড়া এলাকার ব্যবসায়ী বিষ্ণুপদ। তাঁকে দোকানেই পাওয়া গেল। তিনি বললেন, দীর্ঘদিন ধরেই তাঁরা এখানে ব্যবসা করছেন। তুলে দিলেও আবার আসেন।
এ ব্যাপারে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম রফিকুল ইসলাম রাস্তা ও ফুটপাত দখলের অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দখলের কারণে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সগুলো ঠিকমতো হাসপাতালে ঢুকতে পারে না।
জানতে চাইলে নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, মাসখানেক আগেই অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছিল। একটু অন্যদিকে মনোযোগ দিতেই তারা আবার বসেছে। আবার উচ্ছেদ অভিযান চালাবেন বলে জানান ওসি।