ফুটপাতে নকল প্রসাধনের রমরমা বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটপাতে থরে থরে সাজানো দামি দামি সব প্রসাধনসামগ্রী। বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধি, শ্যাম্পু ও বডি লোশন বিক্রি হচ্ছে ৫০ থেকে শুরু করে সর্বোচ্চ ২০০ টাকায়।
ওয়ান ম্যান শোর দাম চাওয়া হচ্ছে দেড় শ টাকা। দরাদরি করে ৭০ থেকে ১০০ টাকায় কেনা যাচ্ছে। সাড়ে তিন শ টাকার শ্যাম্পুর বোতল বিক্রি হচ্ছে ১০০ থেকে দেড় শ টাকায়।
গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকার ফুটপাতের দোকানে এভাবে বিকিকিনির দৃশ্য দেখা যায়।
অনেকে কম দামে কিনে নিচ্ছেন এসব প্রসাধনসামগ্রী। অথচ এসব প্রসাধন ব্যবহারের ফলে কিডনি ও মারাত্মক চর্মরোগের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।
চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (চর্ম ও যৌনরোগ) শামসুন্নাহার বলেন, এ ধরনের নকল প্রসাধনসামগ্রী ব্যবহার করার ফলে ব্যবহারকারীর শরীরে জ্বালাপোড়া হতে পারে। চামড়া লাল রং ধারণ করতে পারে। এ ছাড়া দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া হিসেবে কিডনির সমস্যা এবং চর্মরোগের ঝুঁকি রয়েছে। নকল বডি স্প্রে ও ডিওডোরেন্ট ব্যবহারের ফলে শরীরে চামড়ায় পরিবর্তন দেখা যাবে। এ ধরনের সংক্রমণ সব সময় নিরাময়যোগ্য নয়।
খোঁজ নিয়ে জানা যায়, নগরের নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, আগ্রাবাদ, সিইপিজেড ও বন্দর এলাকার আশপাশের ফুটপাতে বিক্রি হচ্ছে এসব নকল প্রসাধনসামগ্রী। বিক্রেতারা রিয়াজউদ্দিন বাজারের বিভিন্ন পাইকারি দোকান থেকে এগুলো কিনে আনেন। চলতি মাসের ১৬ জুলাই ভ্রাম্যমাণ আদালত রিয়াজউদ্দিন বাজারের তিনটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনসামগ্রী উদ্ধার করেন।
সূত্রমতে, নকল প্রসাধনসামগ্রী রাজধানী থেকে চট্টগ্রামে আসে। সম্প্রতি র্যাব ঢাকায় এ ধরনের একটি কারখানার খোঁজ পায়।
বিএসটিআইয়ের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক কে এম হানিফ বলেন, চট্টগ্রামে কোনো নকল প্রসাধন তৈরির কারখানা নেই। তিনি বলেন, এগুলো সবই ঢাকা থেকে আসে। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারসহ কয়েকটি ছোটখাটো বিপণিকেন্দ্রের মাধ্যমে এগুলো বাজারজাত হয়। বিকিকিনি চলে ফুটপাত ও আশপাশের দোকানে।
কে এম হানিফ জানান, প্রসাধনের মধ্যে শুধু শ্যাম্পু, সাবান, স্ক্রিন ক্রিম ও লিপস্টিকের মান নিয়ন্ত্রণের এখতিয়ার রয়েছে বিএসটিআইয়ের। বাকিগুলোর নেই। তিনি বলেন, পণ্যের ভেজাল নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়।
ব্যবহারের পরে বিভিন্ন নামী-দামি ব্র্যান্ডের প্রসাধনসামগ্রীর বোতল ও কৌটা নষ্ট করে ফেলার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা। কারণ, এসব অক্ষত বোতল সংগ্রহ করে একটি চক্র। পরে এগুলোর মধ্যে ভেজাল প্রসাধনসামগ্রী ভরে বিক্রি করা হয়।
ফুটপাতে নকল প্রসাধনসামগ্রীর বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা প্রসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বলেন, ‘আমরা আগে এ ধরনের কোনো অভিযান পরিচালনা করিনি। ভবিষ্যতে অভিযান পরিচালনার বিষয়টি আমাদের পরিকল্পনায় থাকবে।’