ফুটপাতে বাজার, পথচারী সড়কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার রাজলক্ষ্মী থেকে আজমপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশের আধা কিলোমিটার অংশের ফুটপাত দখল করে ব্যবসা করছেন ভ্রাম্যমাণ দোকানিরা। অন্যদিকে মহাসড়কের ওই পাশের রিকশা লেনে (সার্ভিস রোড) গাড়ি পার্কিং করা হচ্ছে। এ কারণে পথচারীরা ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।

গত বুধবার সরেজমিনে দেখা যায়, রাজলক্ষী বাসস্ট্যান্ডের পথচারী সেতুর নিচ থেকে শুরু করে আজমপুর বাসস্ট্যান্ডের আমির কমপ্লেক্সের সামনে পর্যন্ত ফুটপাত ভ্রাম্যমাণ দোকানিদের দখলে। সেখানে বিক্রি হচ্ছে প্যান্ট, শার্ট, গেঞ্জি, লুঙ্গি, পাঞ্জাবি, পায়জামা, শাড়ি, থ্রি-পিসসহ শিশুদের জামাকাপড়। আছে মেয়েদের ভ্যানিটি ব্যাগ, অলংকার, জুতা। বেল্ট ও হাতঘড়ির ভ্রাম্যমাণ দোকানও আছে সেখানে। এ ছাড়া মহাসড়কের ওই পাশের সার্ভিস রোডের অর্ধেকজুড়ে গাড়ি পার্ক করে রাখা হয়েছে। পুলিশের উত্তরা ট্রাফিক বিভাগ ওই সড়কের এক পাশে গাড়ি পার্ক করার অনুমতি দিয়েছে। গাড়ির পার্কিংয়ের ফাঁকে সেখানে বসেছে হরেক রকমের পণ্যের দোকান। ফুটপাতে দোকান বসানোর কারণে পথচারীরা মূল সড়ক দিয়ে চলাচল করছে। এতে সৃষ্টি হচ্ছে যানজটের।

সরেজমিনে আরও দেখা যায়, গাড়ি পার্কিংয়ের কারণে রিকশা লেনের অর্ধেক বন্ধ হয়ে গেছে। বাকি অর্ধেক অংশ দিয়ে দুই দিকে যানবাহন চলছে। তবে ওই অংশটুকু দিয়ে একসঙ্গে দুটি গাড়ি চলাচল করতে পারছে না।

ছোট শিশুকে নিয়ে ঈদের বাজার করতে আসা উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসিন্দা রুমানা চৌধুরী বলেন, ‘বাচ্চাকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে চলাচল করা অনেক ঝুঁকিপূর্ণ। অথচ কোনো উপায় নেই। ফুটপাত দখল করে দোকান বসেছে।’

এসবি সুপার মার্কেটের সামনে ভ্যানগাড়িতে শিশুদের পোশাক বিক্রি করেন মো. সিরাজ। তিনি বলেন, উত্তরা ৭ নম্বর সেক্টরের রবীন্দ্রসরণিতে দোকান আছে তাঁর। ঈদে বেশি বিক্রির আশায় এখানে এসেছেন।

রিকশা লেনে গাড়ি পার্কিংয়ের বিষয়ে জানতে চাইলে উত্তরা ট্রাফিক বিভাগের উপকমিশনার প্রবীর কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘সার্ভিস রোডে গাড়ি উত্তর-দক্ষিণমুখী করে রাখার নির্দেশনা দেওয়া আছে। হয়তো বিষয়টি তাঁরা বুঝতে পারেননি। আমি আবার বলে দেব, গাড়িগুলো যাতে ওভাবে রাখা হয়।’

ফুটপাতের দখল করে রাখা বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার বিধান ত্রিপুরা বলেন, রাজলক্ষ্মী থেকে আজমপুরের ফুটপাত দখল করে রাখার বিষয়ে তিনি জানেন না। তবে ঈদকে সামনে রেখে মৌসুমি হকারের সংখ্যা বেড়েছে। এক জায়গা থেকে উঠিয়ে দিলে তাঁরা অন্য পাশে গিয়ে বসেন।