ফুটপাতের দোকানপাট উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ গতকাল বায়তুল মোকার​রম এলাকায় ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছে​েদ অভিযান চালায় l ছবি: প্রথম আলো
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ গতকাল বায়তুল মোকার​রম এলাকায় ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছে​েদ অভিযান চালায় l ছবি: প্রথম আলো

শহরের ফুটপাত পথচারীবান্ধব করতে দ্বিতীয় দিনের মতো গতকাল সোমবার গুলিস্তান, ফুলবাড়িয়া, বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও বায়তুল মোকাররম এলাকায় প্রায় আড়াইশ অবৈধ দোকানপাট এবং স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

অভিযান চলাকালে উচ্ছেদের বিরুদ্ধে গুলিস্তান ও বঙ্গবাজারে বিক্ষোভ মিছিল করেছেন হকাররা। তাঁরা ডিএসসিসির মেয়রকে স্মারকলিপি দেন। তবে লাইনম্যান নামধারী চাঁদাবাজদের উসকানিতে সায় না দিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হকার্স লীগ।

১১ জানুয়ারি নগর ভবনে হকারদের বিভিন্ন সংগঠন, জনপ্রতিনিধি ও পুলিশের সঙ্গে বৈঠকে ডিএসসিসির মেয়র সাঈদ খোকন কর্মদিবসে গুলিস্তান ও আশপাশের এলাকায় দিনের বেলা হকার বসা নিষেধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সন্ধ্যা সাড়ে ছয়টার পরে তাঁরা ব্যবসা করতে পারবেন। গত রোববার হকাররা আবার ফুটপাতে দোকান নিয়ে বসায় ওই দিন মতিঝিল, দিলকুশা, দৈনিক বাংলা, বায়তুল মোকাররম ও পল্টনে অভিযান চালায় ডিএসসিসি। গতকাল দ্বিতীয় দিনে বেলা ১১টায় গুলিস্তানের জাতীয় গ্রন্থকেন্দ্র, গুলিস্তান শপিং কমপ্লেক্স ও বঙ্গবন্ধু পাতাল মার্কেটের সামনের ফুটপাত এবং সড়কে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় শপিং কমপ্লেক্স ও গ্রন্থকেন্দ্রের সামনের ফুটপাত ও সড়ক থেকে অবৈধ অর্ধশতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। হকারদের ব্যবহৃত আসবাব পে-লোডার দিয়ে ভেঙে ফেলা হয়। প্রতিবাদে হকাররা বিক্ষোভ মিছিল করেন।

দুপুর ১২টার পর গুলিস্তান ট্রেড সেন্টার উত্তর, ঢাকা ট্রেড সেন্টার দক্ষিণ, সার্জেন্ট আহাদ পুলিশ বক্স ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। এই এলাকাগুলোর ফুটপাত ও সড়ক থেকে শতাধিক দোকান এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে গুলিস্তান ট্রেড সেন্টারের সামনের ফুটপাতে গড়ে তোলা ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের গুলিস্তান ইউনিটের কার্যালয়ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় সংগঠনের নেতা-কর্মীরা বাধা দেন এবং মেয়রের বিরুদ্ধে স্লোগান দেন। এই সুযোগে হকাররা বিক্ষোভ করতে চাইলে সবাইকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

বেলা দেড়টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ইমপিরিয়াল হোটেল, খদ্দর বাজার শপিং কমপ্লেক্স, পীর ইয়ামেনী মার্কেটের সামনে থেকে অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়। বেলা আড়াইটার দিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকের সামনের ফুটপাত ও পশ্চিম পাশের সড়ক এবং ফুটপাত থেকে প্রায় ৬০টি দোকান উচ্ছেদ করা হয়। তবে ওই এলাকাগুলো থেকে আগেই অধিকাংশ দোকান সরিয়ে নেন হকাররা। বিকেল পাঁচটা পর্যন্ত ওই এলাকাগুলোর ফুটপাতে হকার বসতে দেখা যায়নি।

এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগ, খান মোহাম্মদ নাজমুস শোয়েব ও মানুম সরদার। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাত প্লাটুন পুলিশ সঙ্গে ছিলেন। ডিএসসিসির বুলডোজার, পে-লোডারসহ ১৫টি বাহন উচ্ছেদ কার্যক্রমে ব্যবহার করা হয়।

মেয়রকে হকারদের স্মারকলিপি: উচ্ছেদ অভিযান চলাকালে হকারদের একটি অংশ নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করে। কিন্তু পুলিশের বাধায় তারা সামনে যেতে পারেননি। পরে তারা বেলা সাড়ে ১১টা পর্যন্ত বঙ্গবাজার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে আশপাশের সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে তাঁদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধসহ ১০ দফা দাবিতে ডিএসসিসির মেয়র সাঈদ খোকনকে স্মারকলিপি দেয়।

স্মারকলিপির বিষয়ে সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, তিনি তাঁর সিদ্ধান্তে অটল আছেন। সন্ধ্যা সাড়ে ছয়টার আগে গুলিস্তান ও আশপাশের এলাকায় কোনো হকার বসতে দেওয়া হবে না। স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত লাগাতার এই অভিযান চলবে।

হকার্স লীগের সভাপতি এম এ কাশেম এক বিবৃতিতে হকারদের বিশৃঙ্খলা না করে ধৈর্য ধরে এই পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন।

 এদিকে উচ্ছেদের প্রতিবাদে আজ মঙ্গলবার হকার সমন্বয় পরিষদ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে।