ফুটবল খেলা নিয়ে বাড়িতে হামলা, চারজনকে কুপিয়ে জখম
নরসিংদীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করা হয়েছে। পাশাপাশি তাঁদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন নবীপুর পূর্বপাড়া গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন সরকার (৫৫), তাঁর স্ত্রী মাজেদা বেগম (৪৫), ছেলে সজীব সরকার (২২) ও মেয়ে ইতি মণি (১৬)। এঁদের মধ্যে জসিম উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে নবীপুর পশ্চিমপাড়ার খেলার মাঠে পশ্চিম ও পূর্বপাড়ার মধ্যে ফুটবল খেলা হয়। খেলার মাঠে ধাক্কা লাগা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে গতকাল দুপুরে পশ্চিমপাড়ার সাইফুল ইসলাম, আবদুল হাই ও শফিকুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে জসিম উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট শুরু করে। এতে বাধা দিলে তারা জসিম উদ্দিনকে কোপাতে থাকে। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রী, ছেলেমেয়েও জখম হন। পরে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
সদর মডেল থানার ওসি আবুল কাশেম বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। মামলার প্রস্তুতি চলছে।