ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১
গোপালগঞ্জের মুকসুদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার মোচনা ইউনিয়নের নওহাটা উচ্চবিদ্যালয় মাঠে গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
নিহত রাজা শেখ (৩৫) পেশায় কৃষক। তিনি মোচনা ইউনিয়নের ধোপাদী গ্রামের বাসিন্দা।
দুজন প্রত্যক্ষদর্শী বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে নওহাটা ও ধোপাদী গ্রামের মধ্যে বিরোধ চলছিল। গতকাল বেলা ১১টার দিকে নওহাটা উচ্চবিদ্যালয়ের মাঠে ওই বিদ্যালয়েরই ছাত্ররা ফুটবল খেলা শুরু করে। দুপুর ১২টার দিকে ফাউল করা নিয়ে হঠাৎ খেলোয়াড়দের মধ্যে গোলযোগ শুরু হয়। সেখানে দর্শক হিসেবে থাকা নওহাটা ও ধোপাদী গ্রামের বাসিন্দাদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। আধা ঘণ্টা পর দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
মোচনা ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোশাররফ খান বলেন, সংঘর্ষ চলাকালে রাজা শেখ বুকে লাঠির আঘাত পান। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাজাকে মৃত ঘোষণা করেন।