ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে গতকাল বিকেলে বাঙালি ও আদিবাসীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত ব্যক্তিদের মধ্যে ১৭ জনকে রাত সাড়ে আটটার দিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহত কোনো আদিবাসীকে নিরাপত্তার কারণে হাসপাতালে আনা হয়নি। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, ঘটনাটি ফুটবল খেলাকে কেন্দ্র করে। তবে তা সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন আদিবাসী ও বাঙালি জানান, গতকাল বৃহস্পতিবার ছিল বুড়িঘাট ইউনিয়নে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ওই ফাইনাল খেলায় রেফারির একজন খেলোয়াড়কে লাল কার্ড দেখানোকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। এ সময় দু্ই দলের বিতর্ক শুরু হওয়ার পর হঠাৎ করে তা বাঙালি ও আদিবাসীর সংঘর্ষের রূপ নেয়। এতে উভয় পক্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়।
রাত নয়টায় রাঙামাটি জেনারেল হাসপাতালে গিয়ে আহত ১৭ জন বাঙালিকে পাওয়া গেছে। এ সময় কোনো আদিবাসী আহতকে দেখা যায়নি। তবে সেখানে উপস্থিত কমপক্ষে দুজন আদিবাসী দাবি করেন, আদিবাসীদের মধ্যে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। নিরাপত্তার কারণে তাঁদের হাসপাতালে আনা হয়নি।
নানিয়ারচর থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আওয়াল ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা আটজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাটি ফুটবল খেলাকে কেন্দ্র করে হয়েছে।’