ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ রোববার দুপুরে নড়াইলের লোহাগড়ায় জয়পুর ইউনিয়নের চরআড়িয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। এ দুটি পক্ষের একটি পক্ষ সদ্যসমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়ী চেয়ারম্যান আকতার হোসেনের অনুসারী। অপর পক্ষ প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলমের সমর্থক।
গত ২৮ মে জয়পুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী আকতার হোসেন বিজয়ী হন। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শরিফুল আলম। নিহত নূর ইসলাম শেখ (৪৫) বিজয়ী আকতার হোসেনের সমর্থক ছিলেন। তিনি চরআড়িয়ারা গ্রামের মৃত মোকলেছ শেখের ছেলে। তবে তিনি আস্তাইল গুচ্ছগ্রামে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে আজ রোববার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল সাড়ে ১০টার দিকে লোহাগড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিষয়টি মীমাংসার জন্য সালিস বৈঠকের সময় নির্ধারণ করে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পরপরই শরিফুল আলমের ৩০-৪০ জন সমর্থক ধারালো অস্ত্র নিয়ে আকতার হোসেনের সমর্থকদের ওপর হামলা করে। এতে নূর ইসলাম গুরুতর আহত হন। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আর আহত ব্যক্তিদের মধ্যে জসিম শেখ (৩২) ও শহিদুল শেখকে (৩৫) লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নবনির্বাচিত চেয়ারম্যান আকতার হোসেন বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে এ সংঘর্ষ হয়েছে। ইউপি নির্বাচনের প্রতিহিংসা থেকেই এ হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি তাঁর।
তবে শরিফুল আলম বলেন, ‘নির্বাচনের পর আমি সবাইকে বলেছি, যেন কোনো গোলমাল না হয়। ওই গ্রামে আগে থেকেই আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। নির্বাচনকে কেন্দ্র করে এটি আরও বেড়েছে।’
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকেই স্থানীয় নবনির্বাচিত ইউপি সদস্য সার্জিদসহ ছয়জনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।