ফুটবল খেলায় বিজয়ীদের মারধর সড়ক অবরোধ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় গতকাল বুধবার দুটি উচ্চবিদ্যালয়ের মধ্যে ফুটবল খেলা হয়। এতে বিজয়ী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মারধর করা হয়। এ সময় অন্তত ২০ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হন। পরে মারধরের শিকার শিক্ষার্থীরা ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল উপজেলা হাইস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা ছিল। বেলা ১১টায় গাবতলী উচ্চবিদ্যালয় মাঠে পৌর শহরের আর কে উচ্চবিদ্যালয় ও কাঠবওলা জনতা স্কুলের মধ্যে এ খেলা হয়। এতে আর কে স্কুল জয়লাভ করে। কিন্তু খেলা শেষ হতেই পরাজিত শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বিজয়ী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মারধর করে। আহত শিক্ষক-শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ হামলার প্রতিবাদে দুপুর ১২টার দিকে আর কে স্কুলের শিক্ষার্থীরা পৌর শহরে নিজেদের বিদ্যালয়ের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেন ঘটনাস্থলে গিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, বিচারের আশ্বাস দিলে বেলা একটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।