ফুটবল টুর্নামেন্টের নামে জবরদস্তি!
‘লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ নিয়ে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসনের বিরুদ্ধে কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলার প্রায় সাড়ে তিন শ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। এ জন্য জেলা প্রশাসকের মৌখিক নির্দেশে গতকাল বেলা একটার পরই এসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
এ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে জেলার পাঁচটি উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তোরণ নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। পাঁচ উপজেলা ও স্টেডিয়াম এলাকায় প্রায় এক শ তোরণ নির্মাণ করা হয়েছে।
প্রশাসনের উদ্যোগে হয়েছে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা। গত বৃহস্পতিবার প্রশাসনের ৫০টি গাড়ি নিয়ে সদর ও রায়পুর উপজেলায় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
কোটি টাকা চাঁদা আদায়: গত ৩ আগস্ট লক্ষ্মীপুর জেলা শহরে অবস্থিত সাতটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদাত হোসাইনের কক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিটি ব্যাংকের কাছ থেকে এক লাখ টাকা করে চাঁদা নেওয়ার সিদ্ধান্ত হয়। বড় অঙ্কের চাঁদা নেওয়া হয় জেলার শিল্পপতিদের কাছ থেকেও।
এ ছাড়া জেলা ইটভাটা (বাংলা ও ব্রয়লার) মালিক সমিতির কাছ থেকে এক লাখ টাকা, রেস্টুরেন্ট ও হোটেলগুলো থেকে তিন থেকে পাঁচ হাজার, বিপণিবিতানগুলো থেকে ৫০ হাজার থেকে এক লাখ, বিভিন্ন বণিক সমিতি থেকে ৫০ হাজার থেকে এক লাখ, বেসরকারি হাসপাতাল থেকে ১০ হাজার, প্যাথলজি থেকে তিন হাজার, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস ও মোটরসাইকেল শোরুম থেকে দুই থেকে পাঁচ হাজার টাকা চাঁদা নেওয়া হয়েছে। চাঁদা আদায় থেকে রেহাই পাননি কাঁচামাল ব্যবসায়ীরাও। তাঁদের কাছ থেকেও দুই হাজার টাকা চাঁদা নেওয়া হয়েছে। হিসাব করে দেখা গেছে, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি থেকে প্রায় এক কোটি টাকা চাঁদা আদায় করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে লক্ষ্মীপুর বনিক সমিতির এক নেতা বলেন, তাঁদের কাছ থেকে এক লাখ টাকা নেওয়া হয়েছে। ইটভাটা মালিক সমিতির এক নেতা বলেন, জেলায় ১২০টি ইটভাটা রয়েছে। প্রত্যেকটি ইটভাটা থেকে নেওয়া হয়েছে ১০ হাজার টাকা।
তোরণ তোরণে সয়লাব: স্থানীয় জনপ্রিতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার ৫৮টি ইউনিয়নের প্রতিটিতে একটি করে তোরণ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া উপজেলা সদর, পৌরসভা ও জেলা শহরে নির্মাণ করা হয়েছে একাধিক তোরণ। এর মধ্যে সদর উপজেলায় ৩০টি এবং রামগঞ্জ, রামগতি, কমলনগর ও রায়পুরে ১২টি করে তোরণ নির্মাণের খবর পাওয়া গেছে। এর বাইরে চারটি পৌরসভায় দুটি করে ও স্টেডিয়াম এলাকায় নির্মাণ করা হয়েছে চারটি তোরণ। প্রতিটি তোরণে জেলা প্রশাসকের ছবি রয়েছে। ১০ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত এসব তোরণ রাখার নির্দেশ দেওয়া আছে।
সদর উপজেলার এক ইউপি চেয়ারম্যান বলেন, তোরণ নির্মাণ, প্রচার ও স্টেডিয়ামে লোক আনা-নেওয়া বাবদ তাঁর প্রায় ২০ হাজার টাকা খরচ হবে। অথচ জেলা প্রশাসন তাঁকে কোনো টাকাই দেয়নি।
মোটর শোভাযাত্রা: টুর্নামেন্ট উপলক্ষে গত বৃহস্পতিবার বেলা দুইটার দিকে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতির নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি মোটর শোভাযাত্রা বের হয়। এতে জেলা ও উপজেলা প্রশাসনের অর্ধশত গাড়ি অংশ নেয়।
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি: উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জেলা প্রশাসকের নির্দেশে গতকাল বেলা একটায় লক্ষ্মীপুর সদর উপজেলার প্রায় সাড়ে তিন শ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসায় ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে আনুপাতিক হারে প্রায় দেড় শ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার ২০ হাজার শিক্ষার্থী স্টেডিয়ামে আসে। আর ২৬৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আসা বাধ্যতামূলক করা না হলেও এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের যোগদান ছিল বাধ্যতামূলক। বিকেল পাঁচটা পর্যন্ত প্রচণ্ড রোদ, গরম ও ক্ষুধায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে খেলা না দেখেই সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের লাকী রানী, মান্দারী উচ্চবিদ্যালয়ের সাইমুম হোসেনের মতো অনেকে বাড়ি ফিরে যায়।
দিঘলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বলাই চন্দ্রনাথ বলেন, জেলা প্রশাসকের নির্দেশে তাঁরা স্কুল ছুটি দিয়ে শিক্ষার্থীদের নিয়ে স্টেডিয়ামে হাজির হন।
টুর্নামেন্ট উদ্বোধন: গতকাল বেলা চারটার দিকে জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এ কে এম টিপু সুলতান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এসব বিষয়ে গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতানের সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘জেলার ধনী ব্যক্তিরা স্বেচ্ছায় এ খেলা বাস্তবায়নে অর্থ দিয়েছে। কারও কাছ থেকে কোনো চাঁদা আদায় করা হয়নি।’ তবে তিনি মোটর শোভাযাত্রা, তোরণ নির্মাণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নির্দেশের কথা স্বীকার করেছেন।
টুর্নামেন্টে চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের মোট ১৬টি দল অংশ নিয়েছে। গতকাল উদ্বোধনী খেলায় অংশ নেয় কুমিল্লা জেলা একাদশ বনাম লক্ষ্মীপুর সদর উপজেলা একাদশ।