ফুটেজ দেখে খুনিদের শনাক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ ওরফে সোহেল হত্যার প্রতিবাদে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল বুধবার দুপুরে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ মোড়ে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়। ছাত্রলীগের নেতারা সিসি ক্যামেরার ফুটেজ দেখে খুনিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নগরের প্রবর্তক মোড়ে দুপুর ১২টায় সাদার্ন ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ও ন্যাশনাল পলিটেকনিক্যাল কলেজ ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন করা হয়। প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এ ছাড়া কমার্স কলেজের সামনে, আইন কলেজের সামনে, ওয়াসার মোড়সহ বিভিন্ন এলাকায় মানববন্ধন করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
এসব মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরায় ফুটেজে হত্যার দৃশ্য ধরা পড়েছে। এই ফুটেজে হত্যাকারীদের চেহারাও দেখা যায়। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একজন সাধারণ ছাত্রের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেনের পদত্যাগ দাবি করেন ছাত্রলীগের নেতারা। তাঁরা অভিযোগ করেন, ষড়যন্ত্রমূলকভাবে একটি মহল হত্যাকাণ্ড নিয়ে অপরাজনীতি করার চেষ্টা করছে।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএর ২৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান নিয়ে বিরোধের জের ধরে গত ২৯ মার্চ ওয়াসা ক্যাম্পাসে ছুরিকাঘাত করে হত্যা করা হয় নাসিম আহমেদ ওরফে সোহেলকে (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী ও নগর ছাত্রলীগের সদস্য ছিলেন। ছাত্ররাজনীতিতে তিনি চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছিলেন। খুনের ঘটনার পরদিন ‘ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর এবং আওতাধীন কলেজসমূহের’ ব্যানারে উপাচার্যের পদত্যাগ ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছিলেন মেয়র নাছিরের অনুসারী ছাত্রলীগের নেতারা।
গতকাল বিকেলে নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরের ৪১টি ওয়ার্ড, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এবং গুরুত্বপূর্ণ মোড়ে নাসিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। এসব মানববন্ধনে বক্তব্য দেন নগর ছাত্রলীগের সহসভাপতি মিথুন মল্লিক, সহসভাপতি রেজাউল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।