ফুটেজে এক সন্দেহভাজনকে চিহ্নিত করেছেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা এবং অন্য লেখক-প্রকাশকদের ওপর হামলার প্রতিবাদে গতকাল শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে কবি, লেখক ও শিল্পীসমাজ মানববন্ধন করে l ছবি: প্রথম আলো
জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা এবং অন্য লেখক-প্রকাশকদের ওপর হামলার প্রতিবাদে গতকাল শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে কবি, লেখক ও শিল্পীসমাজ মানববন্ধন করে l ছবি: প্রথম আলো

রাজধানীর আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার গত শনিবারের ফুটেজের একাংশ দেখে সন্দেহভাজন এক তরুণকে চিহ্নিত করেছেন ওই মার্কেটের ব্যবসায়ীরা। তাঁরা ওই ফুটেজসহ মার্কেটের আটটি সিসি ক্যামেরার ওই দিনের ফুটেজগুলো জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলাটি তদন্তকারী কর্মকর্তাদের দিয়েছেন।
ব্যবসায়ীরা গত বুধবার ফুটেজের বিষয়ে তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। মামলাটির তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা গত বৃহস্পতিবার ওই মার্কেট ঘুরে দেখেছেন।
আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে শনিবার ফয়সল আরেফিনকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের ছেলে। একই দিন লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে এর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ চৌধুরী (টুটুল), লেখক-কবি সুদীপ কুমার বর্মণ (রণদীপম বসু নামে পরিচিত) ও তারেক রহিমকে একইভাবে কুপিয়ে আহত করা হয়।
আজিজ সুপার মার্কেটের কয়েকজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, মার্কেটের আটটি ভিডিও ক্যামেরার ফুটেজ তাঁরা নিজেরা বসে দেখেছেন। একটি ফুটেজে শনিবার বেলা সোয়া দুইটার দিকে মার্কেটের প্রথম গলি দিয়ে (পাঠক সমাবেশের পাশের গলি) ফয়সলকে নিজে গাড়ি চালিয়ে মার্কেটে ঢুকতে দেখা যায়। তিনি গাড়ি লক করে নামার পরপরই সেখানে একজন তরুণকে দেখা যায়। তাঁদের ধারণা, ওই তরুণ ফয়সলের গাড়ির পিছু নিয়ে গলিতে ঢোকেন। ফয়সলের গাড়ির আশপাশে কিছুক্ষণ ঘোরাফেরা করে ওই তরুণ মুঠোফোন দিয়ে কাউকে ফোন করেন। একবার তাঁকে গাড়িটির ভেতর উঁকি দিতেও দেখা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, তাঁরা মনে করেন ওই তরুণ হত্যাকারীদের সঙ্গে জড়িত। তাঁর ছবি মোটামুটি স্পষ্ট। ওই ফুটেজ মামলা তদন্তের বড় সূত্র হতে পারে।
মার্কেট সমিতির নেতারা বলছেন, মার্কেটের আটটি ক্যামেরার সব ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। পুলিশকে তাঁরা তাঁদের সন্দেহের কথাও জানিয়েছেন। ফুটেজ দেখে তাঁরা আরও কয়েকজন অচেনা ব্যক্তিকে দেখিয়েছেন। এই মার্কেটের কে দোকানকর্মী, কে মালিক, কারা এখানে নিয়মিত আড্ডা দিতে আসেন—তাঁদের ব্যবসায়ীরা ভালোভাবেই চেনেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই মার্কেটের ব্যবসায়ীরা বুধবার ডিবি কার্যালয়ে এসেছিলেন। তাঁদের সঙ্গে কথা বলেছেন তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডিবির উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার তিনিসহ ডিবির একটি দল আজিজ সুপার মার্কেটে গিয়েছিলেন। খুনিরা কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বেরিয়ে যেতে পারে, সেসব বিষয়ে তাঁরা একটা ধারণা পাওয়ার চেষ্টা করেছেন।
এদিকে গতকাল শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবরে বলা হয়, ফেনীর ফুলগাজী থেকে গত মঙ্গলবার মুফতি জাহিদুল হাসান মারুফ (২৪) নামের একজনকে আটক করে ডিবি পুলিশ। রাজধানীতে প্রকাশক হত্যা বা সাম্প্রতিক নাশকতার কোনো ঘটনায় তাঁকে আটক করা হয়।
অবশ্য ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক কোনো হত্যা বা নাশকতার মামলায় নয়, অন্য একটি মামলার আসামি শনাক্ত করার জন্য মারুফকে ডেকে আনা হয়েছিল। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: