ফুল তোলায় ছাত্রকে পিটিয়ে জখম
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম ধানখালী গ্রামে ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এক ব্যক্তির বাড়িতে ফুল আনতে গেলে রিগান (১৩) নামে এক স্কুলছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।
রিগান ধানখালী ইউনিয়নের এসএইচঅ্যান্ড আশরাফ একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র।
রিগানের মা কোহিনুর বেগম অভিযোগ করেন, শনিবার বিকেলে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পশ্চিম ধানখালী গ্রামের রহম আলী ফকিরের বাড়িতে রিগান ফুল আনতে যায়। ওই বাড়ির বাগান থেকে ফুল তোলার সময় রহম আলী মাতুব্বর ছেলে বজলু ফকির বাঁশের লাঠি দিয়ে হঠাৎ রিগানকে ব্যাপক মারধর করেন। লাঠির আঘাতে রিগান মাটিতে লুটিয়ে পড়লেও বজলু মাতুব্বর এলোপাতাড়ি তাকে মারতে থাকে। ডাকচিৎকার শুনে কয়েকজন দৌড়ে গিয়ে রিগানকে উদ্ধার করে নিয়ে আসে। রিগানের হাত-পা এবং মুখমণ্ডল ফুলে গেছে। তাকে গতকাল রোববার বেলা দুইটার দিকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বজলু মাতুব্বর বলেন, ‘আমি অরে চাইর-পাঁচটা বাড়ি দিছি। হেইয়ার বেশি কিছু করি নাই। অর লগে আরও পোলাপান আছেলে। রাইতের ঘটনা তো, আসলে কী দিয়া কী অইছে মুই কইতে পারমু না।’