ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণে বাধা, নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীকে মারধর এবং কার্যালয় ভাঙচুরের অভিযোগে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৪ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) আশিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
এর আগে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিমের বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তাকে হুমকি ও কর্মচারীকে লাঞ্ছিত করাসহ নির্বাচনী কাজে বাধা প্রদানের অভিযোগ ওঠে। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসার পর তাঁকে বরখাস্ত করাসহ আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। একই সঙ্গে গত বুধবার ফুলগাজী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম ও তাঁর সহযোগীরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেদের পছন্দের লোকজনের বাইরে অন্য কারও কাছে মনোনয়নপত্র বিতরণে বাধা দেন। এ ছাড়া নির্বাচন অফিসের কর্মচারীকে মারধর করা এবং নির্বাচন অফিস ভাঙচুরের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
ফুলগাজী উপজেলা চেয়ারম্যানসহ ১৪ জনের নাম উল্লেখ করে ৩৪ জনের বিরুদ্ধে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার।