ফেনীর ফুলগাজীতে গত বুধবার রাতে ছিনতাইয়ের অভিযোগে তিন ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্রমতে, বেশ কিছুদিন ধরে উপজেলার নতুন মুন্সিরহাট-জগতপুর সড়কের দক্ষিণ বরইয়া তেলীপাড়া মন্দিরের পাশে পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করে আসছিল দুর্বৃত্তরা। ছিনতাইকারীদের ধরতে বুধবার সন্ধ্যা থেকে স্থানীয় লোকজন পাহারা বসান। রাত সাড়ে নয়টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে আরোহী মো. রাসেলের মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় পাহারায় থাকা লোকজন ধাওয়া করে তিন ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দেন। তবে অন্য ছিনতাইকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে ফুলগাজী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে এলাকাবাসী তিন ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করে। পুলিশ সেখান থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করে।
গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন মো. নাহিদ (১৯), মো. নজির (২০) ও জিয়াউল হক (২৮)।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।