ফুলগাজীতে দুর্বৃত্তের হামলায় আহত কাঠমিস্ত্রির মৃত্যু
ফেনীর ফুলগাজী উপজেলার পশ্চিম দরবারপুর গ্রামে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত কাঠমিস্ত্রি মো. কবির হোসেন গত শনিবার রাতে মারা গেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রী তানিয়া আক্তার ওরফে মিশুকে আটক করেছে পুলিশ।
কবির হোসেনের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশারী বুনিয়া গ্রামে। তিনি প্রায় ১২ বছর ধরে পরিবারসহ পশ্চিম দরবারপুর গ্রামে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।
কবির আহত হওয়ার পর তাঁর স্ত্রী তানিয়া ফুলগাজী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছিলেন।
গত শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন কবির হোসেন। তাঁকে প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কবিরকে পাঠানো হয় ফেনী সদর হাসপাতালে। শনিবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার রাত ১০টার দিকে কবির সেখানে মারা যান।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় কবিরের স্ত্রীর কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সেটা যাচাই করার জন্য তাঁকে (কবিরের স্ত্রী) আটক করা হয়েছে।