ফুলগাজীতে নারী খুন, সৎ ছেলের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে আপা রানী (৫০) নামের এক নারী খুন হয়েছেন। পুলিশ ও পরিবার বলছে, সৎ ছেলে সঞ্জিত মজুমদারের (৩২) ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার জিএমহাট ইউনিয়নের দক্ষিণ শ্রী চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে দক্ষিণ শ্রী চন্দ্রপুর গ্রামের বাড়িতে মা-ছেলের মধ্যে ঝগড়া হয়। এ সময় গৃহকর্তা অনিল মজুমদার ঘরে ছিলেন না। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে মায়ের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আপা রানীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাতেই তিনি মারা যান। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ ঘটনায় অনিল মজুমদার বাদী হয়ে ছেলে সঞ্জিত মজুমদারকে একমাত্র আসামি করে গতকাল বুধবার বিকেলে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

অনিল মজুমদার বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্ত্রী আপা রানীর লাশ বাড়িতে এনে পারিবারিক শ্মশানে দাহ করা হয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে সঞ্জিত মজুমদার পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা করছে।