ফুলগাজীতে পুলিশের ওপর হামলা
ফেনীর ফুলগাজীতে গত রোববার রাতে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় পুলিশের একজন কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার রাতে পুলিশ ফুলগাজী উপজেলা সদরের যাত্রীছাউনি এলাকা থেকে চাঁদাবাজির মামলার আসামি মো. রুমনকে (২২) গ্রেপ্তার করে। এ সময় ১৪ থেকে ১৫ জন যুবক ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুম রানার ওপর হামলা চালায়। তখন ওই যুবকদের সঙ্গে পুলিশ কর্মকর্তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আসামি মো. রুমন পালিয়ে যান। এ ঘটনায় এসআই মাসুম রানা সামান্য আহত হন। তিনি ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় গতকাল সোমবার এসআই মো. মাসুম রানা ১৫ জনকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. তারেক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তার মো. তারেক ও পলাতক মো. রুমন এলাকায় ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত। তাঁরা উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মোর্শেদ বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।