ফেনীর ফুলগাজীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির দলীয় নেতা-কর্মীদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। চেয়ারম্যান পদের জন্য দুটি মনোনয়নপত্র বিতরণের অভিযোগে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন কার্যালয়ে হামলা-ভাঙচুর ও কর্মকর্তা-কর্মচারীকে লাঞ্ছিত করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সাংসদ রেহানা আক্তার ওরফে রানু অভিযোগ করেন, ফুলগাজীতে সরকারি দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আসন্ন ইউপি নির্বাচনে বিএনপির নেতা-কর্মীদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দিচ্ছেন। তাঁরা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছাড়া অন্য কাউকে মনোনয়নপত্র না দিতে নির্বাচন কর্মকর্তা-কর্মচারীকে চাপ সৃষ্টি করছেন। বিএনপি-সমর্থিত দুজন চেয়ারম্যান প্রার্থী (তাঁরা বর্তমানেও ইউপি চেয়ারম্যান) মনোনয়নপত্র সংগ্রহ করার পর তাঁদের বাড়িতে গিয়ে সেগুলো ফেরত চাইছেন। ফলে তাঁরা এখন ভয়ে বাড়িছাড়া।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, গতকাল বুধবারও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা নির্বাচন অফিসের বাইরে অবস্থান করেন। এতে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। ভয়ে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা-কর্মচারীরা মুখ খুলতে নারাজ।
উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান মজুমদারকে একাধিকবার মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও পাওয়া যায়নি।
ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান ও স্থানীয় বিএনপির নেতা আবুল হোসেনের একজন ঘনিষ্ঠ আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী চেয়ারম্যান আবুল হোসেনের বাড়িতে গিয়ে তাঁকে খোঁজাখুঁজি করেন এবং নির্বাচন কার্যালয় থেকে সংগৃহীত মনোনয়নপত্র ফেরত দাবি করেন। এ ছাড়া তাঁকে নির্বাচন না করতে নিষেধ করে আসেন। তিনি তখন বাড়িতে ছিলেন না।
এ প্রসঙ্গে জানতে চাইলে চেয়ারম্যান আবুল হোসেন প্রথম আলোকে বলেন, যত বাধাই আসুক, তিনি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শেখ ফরিদকে মুঠোফোনে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম দাবি করেন, বিএনপির অভিযোগ সত্য নয়। তিনি বলেন, পরাজয়ের ভয়ে তাঁরা আগেভাগে মিথ্যা প্রচারণা শুরু করেছেন।