ফুলগাজীতে মাদক ব্যবসায়ীদের হামলায় আনসার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ভারত সীমান্তবর্তী বদরপুর গ্রামে মাদক ব্যবসায়ীদের হামলায় আনসারের একজন সদস্য নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ ছাড়া মাদক ব্যবসায়ীরা মাদকবিরোধী অভিযানের ‘সোর্সকে মারধর করে ভারতের ভেতরে নিয়ে গেছেন।
নিহত মো. মীর নওশাদ আলী (৫২) ব্যাটালিয়ন আনসারের ল্যান্স নায়েক ছিলেন। সূত্র জানায়, অপহৃত মো. সুমন (৩০) মাদকবিরোধী অভিযানের ‘সোর্স হিসেবে কাজ করছিলেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে আনসার বাহিনীর উপমহাপরিচালক দিলীপ কুমার বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা বলেন, গত বুধবার রাত নয়টার দিকে বদরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান শুরু করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা। অভিযানের একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা অতর্কিতে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালান। হামলায় আনসারের ল্যান্স নায়েক নওশাদ আলী ঘটনাস্থলে নিহত হন। এ সময় মাদক ব্যবসায়ীরা তাঁর অস্ত্র নিয়ে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা এগিয়ে গেলে তাঁকে কুপিয়ে আহত করা হয়। পরে মাদক ব্যবসায়ীরা সোর্স সুমনকে মারধর করে ভারতের ভেতরে নিয়ে যান। একই সঙ্গে নিয়ে যান নিহত নওশাদের লাশও।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, পুলিশ ১৪টি রাবার বুলেট ছুড়ে আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাতেই বিষয়টি বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জানানো হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে বদরপুর সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে নওশাদের লাশ হস্তান্তর করা হয়। তবে অপহৃত সুমন ও নওশাদের অস্ত্র ফেরত পাওয়া যায়নি।
বৈঠকে বাংলাদেশের পক্ষে ছিলেন ৪ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশ্রাফ আলী, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা এবং ভারতের পক্ষে ছিলেন ৮৬ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরেন চন্দ্র দাস, উপ-অধিনায়ক নীরেশ মনোহর।