ফুলগাজীতে যুবককে কুপিয়ে জখম
ফেনীর ফুলগাজীতে আবদুল হাকিম (২৬) নামের এক যুবককে সন্ত্রাসীরা গভীর রাতে ঘর থেকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। তাঁকে প্রথমে ফেনীর সদর হাসপাতালে ভর্তি ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় ফুলগাজী থানায় মামলা হলেও গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ ও এলাকাবাসী জানান, পূর্বশত্রুতার জের ধরে তিন-চারজন সন্ত্রাসী গত বৃহস্পতিবার গভীর রাতে ফুলগাজী উপজেলার দক্ষিণ দৌলতপুর গ্রামের খলিল মিয়ার বাড়িতে হানা দেয় এবং জরুরি কথা আছে বলে খলিল মিয়া ও তাঁর ছেলে আবদুল হাকিমকে ঘুম থেকে ওঠায়। ঘর থেকে বের হওয়ার পর কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা আবদুল হাকিমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তাঁদের চিৎকারে প্রতিবেশীদের এগিয়ে আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
মুমূর্ষু অবস্থায় আবদুল হাকিমকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আবদুল হাকিমের ভাই মো. হানিফ জানান, একই গ্রামের আবু তাহের মোল্লার ছেলে নজরুলের সঙ্গে তাঁর ভাইয়ের প্রায় দুই মাস আগে ঝগড়া হয়। পরে আপসরফাও হয়। কিন্তু আপস-মীমাংসার পর এভাবে বাড়িতে এসে হামলা করবে বুঝতে পারলে তাঁরা ঘর থেকে বের হতেন না।
এ ঘটনায় গতকাল সকালে আবদুল হাকিমের ভাই মো. হানিফ বাদী হয়ে চারজনকে আসামি করে ফুলগাজী থানায় একটি মামলা করেছেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ সন্ত্রাসী হামলায় একজন আহত হওয়ার ঘটনায় থানায় মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।