ফুলছড়িতে ১৭ গরু লুট গুলি ছুড়তে ছুড়তে পালাল ডাকাতেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারি গ্রামে গত সোমবার গভীর রাতে ছয়টি বাড়িতে ডাকাতি হয়েছে। সংঘবদ্ধ ডাকাত দল এসব বাড়িতে হামলা চালিয়ে ১৭টি গরু লুট করে। এ সময় গ্রামের লোকজন বাধা দিলে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় ডাকাতেরা।
ফুলছড়ি থানার পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, খাটিয়ামারি গ্রামটি যমুনার চরাঞ্চলে অবস্থিত। গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে ২৫ থেকে ৩০ জনের মুখোশধারী ডাকাত চারটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকাযোগে ওই গ্রামে ঢোকে। তারা অস্ত্রের মুখে বাড়ির মালিকদের জিম্মি করে ছয় কৃষকের ১৭টি গরু লুট করে। এর মধ্যে গ্রামের মো. বদি পাইকারের দুটি, পরান শেখের দুটি, সোলেমান মিয়ার দুটি, আবু কালামের চারটি, বাবলু মিয়ার পাঁচটি এবং লাল মিয়ার দুটি গুরু রয়েছে। গরুগুলো নৌকায় ওঠানোর সময় গ্রামের লোকজন বাধা দিলে ডাকাতেরা ছয় রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে নৌকায় উঠে পালিয়ে যায়।
খাটিয়ামারি গ্রামের কৃষক সোলেমান মিয়া বলেন, ‘আমাদের গ্রামটি যমুনা নদীবেষ্টিত। বছরের অর্ধেক সময়ই গ্রামের চারদিকে পানি থাকে। সম্প্রতি বন্যায় গ্রামটি ডুবে যাওয়ায় আমরা ছয় পরিবার এনজিওদের উঁচু করে দেওয়া ভিটায় গবাদিপশু নিয়ে বসবাস করছিলাম। এ সুযোগে ডাকাতরা অস্ত্রের মুখে লুটপাট চালায়।’
ফজলুপুর ইউনিয়নের চেয়রম্যান জয়নাল আবেদিন বলেন, এ এলাকাগুলোতে বন্যা হলে ডাকাতি বেড়ে যায়। শ্যালো নৌকা নিয়ে এসে ডাকাতরা গ্রামগুলোতে লুটপাট চালায়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।