ফুলছড়িতে গৃহবধূ খুন, স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেণ্ডাবাড়ি ইউনিয়নের দক্ষিণ হরিচণ্ডী গ্রামের গৃহবধূ রাশেদা বেগম (১৯) খুন হয়েছেন। যৌতুক না পেয়ে গৃহবধূর স্বামী আল আমিন তাঁকে গলা টিপে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। হত্যাকাণ্ডের পর থেকেই আল আমিন পলাতক।
ফুলছড়ি থানার পুলিশ ও নিহত রাশেদার পারিবারিক সূত্র জানায়, সাত মাস আগে দক্ষিণ হরিচণ্ডী গ্রামের আমজাদ হোসেনের মেয়ে রাশেদার একই ইউনিয়নের মাগরিঘাট গ্রামের আবদুল কাদেরের ছেলে আল আমিনের সঙ্গে বিয়ে হয়। এরপর থেকেই আল আমিন যৌতুকের দাবিতে প্রায়ই রাশেদাকে মারধর করতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাশেদা তাঁর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। রাত আটটার দিকে আল আমিন যৌতুকের টাকার জন্য রাশেদাকে চাপ দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রাশেদাকে বাড়ির বাইরে ডেকে নেন আল আমিন। এরপর আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাঁদের খোঁজাখুঁজি শুরু করে। রাত আটটার দিকে স্থানীয় লোকজন বাড়িসংলগ্ন একটি ডোবায় রাশেদার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়।
গতকাল সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে ঘটনার পর থেকে আল আমিন পলাতক। তবে গতকাল বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।
রাশেদার বাবা আমজাদ হোসেন অভিযোগ করেন, ‘বিয়ের পর থেকে যৌতুকের জন্য আমার মেয়েকে আল আমিন নির্যাতন করে আসছিল। যৌতুক না পেয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে আল আমিন পালিয়েছে। আমি এই হত্যার বিচার চাই।’
ফুলছড়ি থানার ওসি আবদুল খালেক বলেন, গৃহবধূকে গলা টিপে হত্যার পর লাশ পানিতে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ওসি বলেন, অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।