ফুলছড়িতে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি গ্রামে গতকাল মঙ্গলবার ভোরে প্রতিপক্ষের গুলিতে আজাহার আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত ও ১১ জন আহত হয়েছেন। জেগে ওঠা চরের জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

ফুলছড়ি থানার পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, চারদিকে যমুনা নদী। মাঝখানে চরাঞ্চলে অবস্থিত খোলাবাড়ি গ্রাম। খোলাবাড়িসংলগ্ন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার জিগাতলা গ্রাম। খোলাবাড়ি গ্রামের ইউপি সদস্য সাইর উদ্দিন, লাল মিয়া ও তাঁদের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জিগাতলা গ্রামের আবদুস ছাত্তারের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। গতকাল সকালে আবদুস ছাত্তার তাঁর লোকজন নিয়ে খোলাবাড়ি গ্রামে অবস্থিত আদর্শ গুচ্ছগ্রামে হামলা চালান। এতে ভীত হয়ে গুচ্ছগ্রামের লোকজন ঘর থেকে বের হয়ে এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকে।

এ সময় ছাত্তার ও তাঁর লোকজন গুচ্ছগ্রামবাসীকে লক্ষ্য করে অতর্কিতে গুলি ছোড়েন। তাঁদের ছোড়া গুলিতে খোলাবাড়ি গ্রামের আজাহার আলীসহ অন্তত ১২ জন আহত হন। আহত ব্যক্তিদের প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে আজাহার আলী মারা যান। নিহত আজাহার দীর্ঘদিন ধরে স্ত্রী ও সন্তান নিয়ে ওই আদর্শ গুচ্ছগ্রামে বসবাস করছিলেন।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ও ছোটাছুটি করতে গিয়ে ১১ জন আহত হন। তাঁরা হলেন খোলাবাড়ি গ্রামের আয়াজ উদ্দিন, রফিক মিয়া, আজম মিয়া, রইচ উদ্দিন, রহিম মিয়া, ওহাব উদ্দিন, ইয়াকুব আলী, জেলহক মিয়া, শফিকুল ইসলাম, হাতেম আলী ও আজিত মিয়া।

গতকাল সন্ধ্যা ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, গুলিবিদ্ধ আজাহার আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেখানে ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

আহত ব্যক্তিদের মধ্যে খোলাবাড়ি গ্রামের আয়াজ উদ্দিন গতকাল বিকেলে মুঠোফোনে অভিযোগ করেন, ‘ঘটনার সময় হামলাকারীরা আমাদের পক্ষের দুজনকে তুলে নিয়ে গেছে। তাদের কোনো খোঁজ পাচ্ছি না। আবদুস ছাত্তার ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। কোনো কারণ ছাড়াই তিনি দলবল নিয়ে আমাদের ওপর হামলা চালান।’

ঘটনার পর থেকে আবদুস ছাত্তার ও তাঁর লোকজন পলাতক। গতকাল বিকেলে ছাত্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।