ফুলজোর নদী থেকে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের নলছিয়া মৌজার ফুলজোর নদী থেকে খননযন্ত্র দিয়ে এক সপ্তাহ ধরে বালু তোলা হচ্ছে। এতে ভাঙন শুরু হওয়ায় বসতবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে বলে স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেছেন।
বালু উত্তোলন বন্ধ করতে দুই শতাধিক গ্রামবাসী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে গতকাল সোমবার লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় লোকজন ও লিখিত অভিযোগ থেকে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয় থেকে মো. ইউসুফ তালুকদার ও মো. আসলাম উদ্দীনকে এক বছরের জন্য নলছিয়া এলাকা থেকে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। এক সপ্তাহ ধরে তিনটি খননযন্ত্র দিয়ে বিরতিহীনভাবে বসতবাড়ি ও আবাদি জমিসংলগ্ন নদীর কিনারা থেকে বালু উত্তোলন চলছে। এ কারণে নদীর পার ভাঙতে শুরু করেছে।
তিন দিন আগে নদীর পাড়ের আবদুস সালাম মাস্টারের তিন বিঘা জমিসহ বসতবাড়ি, মাহমুদুল আলমের দুই বিঘা আবাদি জমিসহ এলাকার বেশ কয়েকটি বাড়িঘর ও ১০-১৫ বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বালু উত্তোলনকারীরা নদীর পাড়ে তিন-চার ফুট উঁচু করে প্রায় ৪৩ বিঘা জমি বালু দিয়ে ভরাট করেছেন। নলছিয়া গ্রামের আবদুস সালাম, আবদুর রাজ্জাক ও আবদুল আলিম অভিযোগ করেন, ফুলজোর নদীর পাড়ে আবাদি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভাঙন আরও তীব্র হয়েছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, বালু উত্তোলন বন্ধ করতে এলাকার প্রায় দুই শতাধিক কৃষক গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে বালু উত্তোলনকারী আসলাম উদ্দীন মুঠোফোনে বলেন, ‘যে এলাকা থেকে বালু তোলা হচ্ছে, সেটি বালুমহাল নামে পরিচিত। জেলা প্রশাসনের অনুমতি নিয়েই আমরা বালু তুলছি।’
নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, ‘বালু উত্তোলনের বিষয়টি জানতে পেরেছি। ওই এলাকায় অনেক খাসজমি রয়েছে। সেখান থেকেও বালু উত্তোলন করা হচ্ছে।’
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ বলেন, জেলা প্রশাসকের দপ্তর থেকে অনুমতি নিয়ে বালু উত্তোলন করা হলেও তাতে কোনো ক্ষতি হচ্ছে কি না, তা জানার জন্য সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক বিল্লাল হোসেন বলেন, ওই স্থান থেকে বালু উত্তোলন করলে যদি সাধারণ জনগণের ক্ষতি হয়, তাহলে বালু উত্তোলন বন্ধ করা হবে।