ফুলপুরে অটোচালকদের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গত শুক্রবার রাতে সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইক চালকদের মধ্যে সংঘর্ষে পুলিশের এক সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকানপাটও ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার ব্যবসায়ীরা পৌর শহরে বিক্ষোভ মিছিল করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে উপজেলার পৌর শহরের পয়ারী সড়কে অটোরিকশা চলাচল করতে বাধা দিচ্ছিলেন ইজিবাইকের চালকেরা। গত শুক্রবার রাত আনুমানিক নয়টার দিকে এক অটোরিকশাচালক এক নারীকে নিয়ে ওই সড়ক দিয়ে যান। অটোরিকশাটি তেঁতুলতলা এলাকায় গেলে ১৫ থেকে ২০ জন ইজিবাইকচালক অটোরিকশাচালক রফিকুল ইসলাম ও ওই নারী যাত্রীকে আটকে মারধর করেন। পরে দুই পক্ষের চালকেরা সংগঠিত হয়ে পৌর শহরে খরিয়া সেতু ও বাসস্ট্যান্ড এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে লিপ্ত হন। এ সময় পৌর শহরের কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাটও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং লাঠিপেটা করে। এ সময় পুলিশ সদস্য সারোয়ার হোসেনসহ উভয় পক্ষের ১০ জন আহত হন।