ফুলপুরে গ্রাম পুলিশ খুন, ছয় জেলায় আহত ৬০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সাত জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার। ময়মনসিংহে গ্রাম পুলিশের এক সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে এক পরাজিত ইউপি সদস্য প্রার্থী ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে। পটুয়াখালীর বাউফলে পরাজিত চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ছাড়া আরও পাঁচ জেলায় সংঘর্ষে কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন।
ঢাকার বাইরে প্রথম আলোর কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: ফুলপুরে খুন হয়েছেন গ্রাম পুলিশের সদস্য ইদ্রিস আলী (৫৫)। তাঁকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী আবদুল মজিদ ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে।
নিহত ব্যক্তির স্বজনেরা বলেন, গত মঙ্গলবার অনুষ্ঠিত ভাইটকান্দি ইউপি নির্বাচনে ইউপি সদস্য পদে মাত্র তিন ভোটের ব্যবধানে নুর ইসলামের কাছে পরাজিত হন আবদুল মজিদ। পরাজয়ের পর মজিদ প্রচার করেন, ইদ্রিস আলী নুর ইসলামের পক্ষ নেওয়ায় তাঁর পরাজয় হয়েছে। তিনি ইদ্রিস আলীকে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়ে আসছিলেন।
ইদ্রিস আলীর ছেলে আশিকুর ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মজিদ ও তাঁর সমর্থকেরা বাবাকে বাসা থেকে ধরে নিয়ে যায়। রাতেই পুলিশকে বিষয়টি জানানো হয়। মজিদ ও তাঁর সমর্থকেরা বাবাকে শ্বাসরোধে হত্যার পর লাশ বাড়ির পাশের একটি গাছে ঝুলিয়ে রাখে। সকাল নয়টার দিকে এলাকাবাসী ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।’
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ মোল্লা বলেন, আবদুল মজিদের ছেলে মাহমুদুল ও ভাই শাজাহানসহ চারজনকে আটক করা হয়েছে। মজিদ এবং হত্যার সঙ্গে জড়িত সন্দেহজনক আরও কয়েকজন পলাতক রয়েছেন।
পটুয়াখালী: বাউফলের কালাইয়া ইউনিয়নে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি রমিজ উদ্দিন ও তাঁর ছোট ভাই মো. রিপনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। রমিজ উদ্দিন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। গতকাল সন্ধ্যায় ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় হামলার পর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রমিজ উদ্দিন অভিযোগ করেছেন, একই ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যান এস এম ফয়সাল আহম্মেদের সমর্থকেরা হামলায় জড়িত। বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভোলা: দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শান্তিরহাটে বৃহস্পতিবার রাতে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩১ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রাজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শান্তিরহাট বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় ইউপি সদস্য প্রার্থী মোহাম্মদ মিলন ও মোতাসিম বিল্লার সমর্থকেরা মিছিল বের করেন। এ সময় পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের সংঘর্ষ বাধে। পুলিশ নীরবে দাঁড়িয়ে থাকে।
বরিশাল: উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে জয়ী মো. ইকবালের তিন সমর্থকের বাড়িতে পরাজিত প্রার্থী প্রফুল্ল হালদারের সমর্থকেরা হামলা চালিয়েছেন বৃহস্পতিবার রাত দেড়টায়। এ সময় ঘরে থাকা এক নারী দগ্ধ হন। আহত হয়েছেন আরও পাঁচজন।
দিনাজপুর: কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আতাউর রহমান ও দলের বিদ্রোহী প্রার্থী মুনিরাম রায়ের সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতের এই সংঘর্ষে বিদ্রোহী প্রার্থীর তিনটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে।
কাহারোল থানার ওসি মনসুর আলী সরকার বলেন, সংঘর্ষের বিষয়ে দুই পক্ষকেই সতর্ক করা হয়েছে।
সিরাজগঞ্জ: সদর উপজেলার বহুলী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল বারির সমর্থকদের সঙ্গে দলের মনোনীত প্রার্থী হায়দার আলী মণ্ডলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন।
সাংসদ হাবিবে মিল্লাত প্রথম আলোকে বলেন, ‘ওই এলাকায় মাইকিং করা নিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বিদ্রোহী প্রার্থী ও সমর্থকদের কথা-কাটাকাটি হয়েছে বলে শুনেছি।’ গতকাল দুপুরে ইউনিয়নের বাগডুমুড় গ্রামে এই সংঘর্ষের সময় মোটরসাইকেল ও মাইক ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম।
কুড়িগ্রাম: চিলমারী উপজেলায় নির্বাচনী প্রচার চালানোর সময় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে বৃহস্পতিবার রাতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৮টি গুলি ছোড়ে। এ সময় তিনজন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত আটটার দিকে রমনা মডেল ইউনিয়নে বিএনপির প্রার্থী জোবাইদুল ইসলাম সুইট ও আওয়ামী লীগের প্রার্থী আজগর আলীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।