ফুলপুরে হামলায় আ.লীগের এক পক্ষের ইফতার পণ্ড
ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী লীগের স্থানীয় সাংসদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত দলটির একাংশের ইফতার মাহফিল দুর্বৃত্তদের হামলায় পণ্ড হয়ে গেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের হাজি সড়কে এ ঘটনা ঘটে।
দলীয় ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাংসদ শরীফ আহমেদের বিরোধী হিসেবে পরিচিত। শুক্রবার আবুল কালাম আজাদের উদ্যোগে উপজেলা সদরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফজুলল হককে দাওয়াত করা হয়। ফজলুল হক ৩০-৩৫ জন নেতা-কর্মী নিয়ে ইফতার মাহফিলে যোগ দেন। সন্ধ্যায় ইফতারের সব আয়োজন শেষ হওয়ার পর নেতা-কর্মীরা প্যান্ডেলের নিচে যাচ্ছিলেন। এ সময় রামদা হাতে পাঁচ-ছয়জন যুবক ইফতার মাহফিলের স্থানে হামলা করেন। তাঁরা নিজেদের ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে সেখানে কোনো ইফতার মাহফিল চলবে না বলে আয়োজকদের জানিয়ে দেন। এটা ওপর মহলের নির্দেশ বলেও জানানো হয়। এরপর যুবকেরা ইফতার আয়োজন এলোমেলো করে দেন। মুঠোফোনে এর ছবি তুলতে গেলে তাঁরা একাধিক মুঠোফোন ভেঙে ফেলেন।
এ বিষয়ে তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফজলুল হক বলেন, ‘হামলাকারীরা সাংসদ শরীফ আহমেদের নামে স্লোগান দিতে দিতে চলে যায়। ইফতারের ঠিক আগমুহূর্তে এমন আচরণ শোভা পায় না। আমি রাজনৈতিকভাবে বিষয়টি মোকাবিলা করার জন্য কেন্দ্র ও জেলায় জানাব।’
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ মোল্লা প্রথম আলোকে বলেন, ‘দলীয় বিষয় নিয়ে উত্তেজনাকর অবস্থার সৃষ্টি হয়েছিল বলে শুনেছি। তবে এ নিয়ে কোনো অভিযোগ পাইনি।’
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল সাংসদ শরীফ আহমেদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।