চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাহাজতে রিমান্ডে থাকা আসামি মাহফুজ রহমান যে ফুলপ্যান্ট ছিঁড়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ দাবি করেছে, প্যান্টটি মাহফুজের পরনে ছিল না বলে পাল্টা দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, হত্যার ঘটনা ধামাচাপা দিতেই নাচোল থানার পুলিশ মিথ্যা নাটক সাজিয়েছে। পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে অবস্থানকালে মাহফুজের বড় দুই ভাই শাহিনুল ইসলাম ও মো. জুলহাস পুলিশের বিরুদ্ধে ওই অভিযোগ করেন। হাসপাতালের মর্গ থেকে মাহফুজের লাশ নিতে আসা বড় ভাই মো. জুলহাসের ভাষ্য, ঘটনার দিন থানাহাজতে রিমান্ডে থাকা মাহফুজকে দেখতে গিয়েছিলেন তিনি। তখন মাহফুজ নীল রঙের একটি জিনসের ফুলপ্যান্ট পরে ছিলেন। প্যান্টটি কাটা ছিল না। কিন্তু হাজতখানার টয়লেট থেকে লাশ উদ্ধারের সময় ফুলপ্যান্টটি হাঁটুর নিচ থেকে কাটা দেখা যায়। পুলিশ জানিয়েছে, এর ওপরেই আর একটি প্যান্ট পরেন মাহফুজ, যে প্যান্ট ছিঁড়ে তিনি টয়লেটের চৌকাঠের ওপরে ফোকরের সঙ্গে বেঁধে দরজার ছিটকিনি লাগান। এরপর ফুলপ্যান্টের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। কিন্তু সেই প্যান্টটি মাহফুজের সঙ্গে ছিল না বলে দাবি করেন জুলহাস।
জুলহাস অভিযোগ করেন, আগের দিন নাচোল থানায় গেলে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল বারিক তাঁকে বলেন, ‘তোমার ভাই অপারেশন করে রোগী মেরেছে। এখন তোমার ভাইকে আমরা অপারেশন করব।’ মাহফুজকে নির্যাতন না করার জন্য এসআই আবদুল বারিক তাঁর কাছে ২০ হাজার টাকা দাবি করেন। তিনি এই দাবি মেটান। এরপরও তাঁর ভাইকে মরতে হলো। এ ব্যাপারে এসআই আবদুল বারিক প্রথম আলোকে বলেন, ‘মাহফুজ আত্মহত্যার জন্য যে প্যান্ট ব্যবহার করেছেন, সেটা তাঁর পরনেই ছিল। আমাদের কাছে এর প্রমাণ রয়েছে।’ এ ছাড়া নির্যাতন না করার শর্তে টাকা গ্রহণ করার অভিযোগ তিনি অস্বীকার করেন।
মাহফুজের আরেক ভাই শাহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নীল রঙের জিনসের প্যান্টটি আমি নিজে তাঁকে কিনে দিয়েছিলাম। প্যান্টটি কাটা ছিল না। হাসপাতালের মর্গে গিয়ে মাহফুজের পরনে থাকা জিনসের প্যান্টটি সদ্য কাটা হয়েছে। এই গরমের দিনে জিনসের প্যান্টের ওপরে আর একটি প্যান্ট পরে থাকার গল্প বিশ্বাসযোগ্য নয়। পুলিশ আমার ভাইকে মেরে ফেলে আত্মহত্যার নাটক সাজিয়েছে। আমরা এ ব্যাপারে আদালতের আশ্রয় নেব।’
আদালতের (চাঁপাইনবাবগঞ্জের আমলি আদালত গ অঞ্চল) আদেশে পাঁচ সদস্যের একটি চিকিৎসক বোর্ড গঠন করে মাহফুজের লাশের ময়নাতদন্ত সদর হাসপাতালে বৃহস্পতিবার সম্পন্ন করা হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আয়শা জুলেখার নেতৃত্বে পাঁচ সদস্যের ওই চিকিৎসক বোর্ড ময়নাতদন্ত শেষে প্রাথমিক প্রতিবেদন আদালতে দাখিল করেছেন। আয়শা জুলেখা বলেন, ‘আমরা প্রাথমিক প্রতিবেদন দিয়েছি। ঢাকার মহাখালীর পরীক্ষাগার ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভিসেরা পাঠানো হয়েছে। ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।’
এ ব্যাপারে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগের মামলায় গ্রেপ্তার হওয়া ভুয়া চিকিৎসক মাহফুজ রহমান চরম হতাশা থেকেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে যে অভিযোগ পুলিশের বিরুদ্ধে করা হচ্ছে তা ভিত্তিহীন। তিনি বলেন, ‘কোন উদ্দেশে পুলিশ তাঁকে হত্যা করবে? তাঁর শরীরে নির্যাতনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তদন্তের পর এ সত্য বেরিয়ে আসবে বলে বিশ্বাস করি।’
নাচোল থানাহাজতে রিমান্ডে থাকা আসামির মৃত্যুর ঘটনায় পুলিশ সুপারের (এসপি) গঠন করা তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান প্রথম আলোকে বলেন, ‘আজই (বৃহস্পতিবার) লিখিত আদেশ পেয়েছি। শিগগিরই তদন্ত শুরু হবে।’
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা হাজতের শৌচাগারের ভেতর থেকে গতকাল বুধবার পুলিশের রিমান্ডে থাকা মাহফুজ আলমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মাহফুজ নওগাঁর বদলগাছীর জগদীশপুর গ্রামের আবু বাক্কারের ছেলে। ভুয়া সনদ দেখিয়ে চিকিৎসক সেজে ভুল চিকিৎসায় রোগী মেরে ফেলার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ১৭ জুলাই সন্ধ্যায় নাচোলের বাইপুর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে ও সপ্তম শ্রেণির ছাত্রী নাহিদা খাতুনকে পেটে ব্যথার সমস্যা নিয়ে জননী ক্লিনিকে ভর্তি করা হয়। নাহিদার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহফুজ আলম। পরিবারের সম্মতি নিয়ে রাতেই নাহিদার অস্ত্রোপচার করেন মাহফুজ। এরপর অবস্থার অবনতি হলে ১৯ জুলাই নাহিদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন মাহফুজসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন নাসির উদ্দিন। এর পরিপ্রেক্ষিতে ওই রাতেই মাহফুজকে ক্লিনিক থেকে গ্রেপ্তার করা হয়।
মামলাটির তদন্ত কর্মকর্তা থানার এসআই আবদুল বারিক বলেন, মাহফুজ পরিচয় গোপন করে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কর্মরত সরকারি চিকিৎসক মাসুদ রানার এমবিবিএস পাসের সনদ জাল করে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা করেছিলেন।
অপরাধ