ফুলবাড়ীতে আহত যুবকের মৃত্যু, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় তাস খেলাকে কেন্দ্র করে বন্ধুদের মারধরে আহত মো. ফরিদ হোসেন (৩০) নামের এক যুবকের গতকাল শুক্রবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত ফরিদের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে গতকাল থানায় একটি মামলা করেছেন। দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরিদ বিরামপুরের জোয়ালকামড়া গ্রামের বাসিন্দা। তিনি ফুলবাড়ী স্টেশনপাড়ার মিনু মিয়ার মেয়েকে বিয়ে করে ঘরজামাই হিসেবে সেখানে থাকতেন।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় স্টেশন এলাকার এলএসডি গুদামের পাশে একই এলাকার রনি ইসলাম, সাগর, শাহীন, সফিকুল ও সুমনের সঙ্গে ফরিদ তাস খেলছিলেন। এ সময় তাস খেলাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে ফরিদকে অন্যরা কিল-ঘুষি, লাথি মারেন। পরে তাঁকে আশপাশের লোকজন উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল সকালে সেখানে ফরিদের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা হরেন্দ্রনাথ গোস্বামী বলেন, গত মঙ্গলবার ফরিদকে অজ্ঞাতনামা ব্যক্তিরা হাসপাতালে রেখে চলে যান। ফরিদের পেটের ব্যথা ছিল। তবে তাঁর শরীরে কোথাও আঘাতের চিহ্ন ছিল না। চিকিৎসাধীন অবস্থায় ফরিদের কেউ কোনো খোঁজ নিতে আসেননি। গতকাল মারা যাওয়ার পর বিষয়টি তাঁরা পুলিশকে জানান।
এ ব্যাপারে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদ আলী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গতকাল একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযান চালিয়ে সাগর ও রনি নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।