ফুলবাড়ীতে এশিয়া এনার্জির কার্যালয়ে হামলা

কয়লাখনি প্রকল্প বাস্তবায়নে এশিয়া এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তার আগমন এবং সভা করার খবরে ক্ষুব্ধ হয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার এশিয়া এনার্জির কার্যালয় ভাঙচুর করেছে স্থানীয় লোকজন। এ সময় বিক্ষুব্ধ লোকজন এশিয়া এনার্জির দুটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ এশিয়া এনার্জির প্রধান নির্বাহী গ্যারি লাইকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিনাজপুরে নিয়ে আসে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
ফুলবাড়ী কয়লাখনি প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এশিয়া এনার্জি। প্রস্তাবিত এই প্রকল্পে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরোধিতা করে ওই এলাকায় আন্দোলন গড়ে ওঠে। ২০০৬ সালের ২৬ আগস্ট খনিবিরোধী আন্দোলনকারীদের মিছিলে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালালে তিন কিশোর নিহত হয়। ওই ঘটনার পর এলাকায় ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। আন্দোলনকারীদের দাবির মুখে এশিয়া এনার্জি এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়।
এশিয়া এনার্জির একটি সূত্র জানায়, গ্যারি লাই গত মঙ্গলবার সন্ধ্যায় সস্ত্রীক ফুলবাড়ীতে আসেন। শহরের এশিয়া এনার্জির গেস্ট হাউসে ওঠেন। তিনি তাঁর লোকজনকে নিয়ে রাতে তিনটি সভা করেন।
গ্যারি লাইয়ের সভা করার খবর গতকাল সকালে ফুলবাড়ী পৌর বাজারে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই সময় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার নেতা-কর্মীরা ফুলবাড়ী শহরের নিমতলা মোড়ে অবস্থান নেন এবং মহাসড়ক অবরোধ করেন। এই অবরোধ চলে বেলা একটা পর্যন্ত। এর ফলে মহাসড়কের উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে।
নিমতলা মোড়ের সমাবেশ থেকে এক ঘণ্টার সময়সীমা দিয়ে গ্যারি লাইকে এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়। তবে দুই ঘণ্টা পেরিয়ে গেলেও গ্যারি ফুলবাড়ী না ছাড়ায় উত্তেজিত জনতা এশিয়া এনার্জির রাজারামপুরের কার্যালয় ও কার্যালয়ের বাইরে গ্যারি লাইকে বহনকারী দুটি গাড়ি জনতা ব্যাপক ভাঙচুর করে।
একপর্যায়ে কড়া পুলিশ পাহারায় গ্যারি লাই ও তাঁর স্ত্রীসহ এশিয়া এনার্জির ১০ থেকে ১২ জন কর্মকর্তা-কর্মচারীকে তিনটি গাড়ি করে দিনাজপুরে নিয়ে যায় পুলিশ।
গতকাল বিকেল সাড়ে চারটা নিমতলা মোড়ে জাতীয় কমিটি এক সভা করে। সভায় আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফুলবাড়ীতে রেল ও রাজপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
দিনাজপুরের জেলা প্রশাসক আহমেদ শামীম আল রাজী গতকাল বলেন, গ্যারি আসবেন এ কথা প্রশাসন বা পুলিশ কাউকেও জানানো হয়নি। জানা থাকলে তাঁকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হতো। তিনি ফুলবাড়ী শহরে এশিয়া এনার্জির কার্যালয়ে ছিলেন। গতকাল সকালে প্রশাসন তাঁর ফুলবাড়ী অবস্থানের কথা জানার আগেই বিক্ষুব্ধ জনতা এশিয়া এনার্জির কার্যালয় ভাঙচুর করেছে।
দিনাজপুরের পুলিশ সুপার মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ফুলবাড়ী কয়লাখনি নিয়ে আন্দোলন দীর্ঘদিনের একটি জ্বলন্ত ইস্যু। পুলিশ বা প্রশাসনকে না জানিয়ে গোপনে গ্যারি লাইয়ের ফুলবাড়ী আসা ঠিক হয়নি। এর ফলে প্রশাসনকে বিব্রত হতে হয়েছে।