ফুলবাড়িয়ায় আধা বেলা হরতাল পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের উপজেলার ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে উপজেলা সদরে গতকাল সোমবার আধা বেলা হরতাল পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা। আজ মঙ্গলবারও একই দাবিতে আধা বেলা হরতালের ডাক দিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

কলেজ সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রকাশিত তালিকায় জাতীয়করণ করা ২৩টি কলেজের মধ্যে ফুলবাড়িয়া কলেজের নাম পাওয়া যায়নি। এতে ক্ষুব্ধ হয়ে গত রোববার থেকে ওই কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা আন্দোলন শুরু করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা যায়, গতকাল সোমবার ভোর ছয়টায় হরতাল-সমর্থকেরা উপজেলা সদরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল নয়টার দিকে আবারও উপজেলা পরিষদের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন হরতাল-সমর্থকেরা। এ সময় পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে। এতে কলেজের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হন। পরে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বেলা ১১টার দিকে ইউএনও লীরা তরফদার হরতাল-সমর্থকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানান। এ সময় কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা কলেজ জাতীয়করণের দাবিতে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দুটি স্মারকলিপি দেন। পরে তাঁরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণ হওয়ার সব শর্তই পূরণ করতে সক্ষম। তাই কলেজটি জাতীয়করণ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

ফুলবাড়িয়া থানার ওসি রিফাত খান রাজিব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ হরতালকারী ব্যক্তিদের লাঠিপেটা করতে বাধ্য হয়।