ফুলবাড়িয়ায় কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার হাটকালী বাজার এলাকার একটি করবস্থান থেকে গত বুধবার রাতে পাঁচটি কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা এসব কঙ্কাল চুরি করেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
ফুলবাড়িয়া থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে হাটকালী বাজার এলাকার বুড়াইপার কবরস্থানের পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরি করে দুর্বৃত্তরা। ভোরে কবরগুলোর মাটি খোঁড়া অবস্থায় দেখেন এলাকাবাসী। পরে দেখেন ওগুলো থেকে কঙ্কাল উধাও হয়েছে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে যায়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবীরুল ইসলাম বলেন, একসঙ্গে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা আগে কখনো ঘটেনি। বিক্রির উদ্দেশ্যে এগুলো চুরি করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক বলেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রির জন্য একটি চক্র কবর থেকে
কঙ্কাল চুরি করে। প্রতিটি কঙ্কাল ২০ থেকে ২৫ হাজার টাকা করে বিক্রি করা হয়।