ফুলবাড়িয়ায় ফুটপাতে কাউন্সিলরের অবৈধ স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলবাড়িয়া বাস টার্মিনালের দক্ষিণ ফটকের সামনের ফুটপাতে অবৈধভাবে একটি স্থাপনা নির্মাণ করা হচ্ছে৷ ছবিটি গতকাল তোলা l প্রথম আলো৷
ফুলবাড়িয়া বাস টার্মিনালের দক্ষিণ ফটকের সামনের ফুটপাতে অবৈধভাবে একটি স্থাপনা নির্মাণ করা হচ্ছে৷ ছবিটি গতকাল তোলা l প্রথম আলো৷

ফুলবাড়িয়ায় ফুটপাতের ওপর অবৈধভাবে একটি স্থাপনা নির্মাণ করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর৷ এতে পথচারীরা চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে৷

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাউন্সিলর মীর সমীর ফুটপাত দখল করে দোকান নির্মাণ করায় চলাচলে সমস্যা হচ্ছে। তবে কাউন্সিলর এই অভিযোগ অস্বীকার করেছেন৷ তিনি বলেছেন, পাবলিক টয়লেট নির্মাণ করা হচ্ছে।

গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ফুলবাড়িয়া কেন্দ্রীয় বাস টার্মিনালের দক্ষিণ ফটক ঘেঁষে ফুটপাতের ওপর ভিত্তিপ্রস্তর দিয়ে ৮ ফুট প্রস্থ ও ১২ ফুট দৈর্ঘ্যের একটি কংক্রিটের স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে স্থাপনাটির চারটি খুঁটি নির্মাণ সম্পন্ন হয়েছে। এর পূর্ব পাশে সড়ক ঘেঁষে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। কিন্তু কোনো নির্মাণশ্রমিককে পাওয়া যায়নি। ফুটপাত দখল করায় পথচারীদের কিছুটা পথ ঘুরে চলতে হচ্ছে৷

ডিএসসিসির সম্পত্তি বিভাগ জানায়, তাদের অনুমতি না নিয়ে প্রায় ২০ থেকে ২৫ দিন আগে এই স্থাপনার নির্মাণকাজ শুরু করেন মীর সমীর। ওই সময় নির্মাণকাজে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু নির্মাণকাজ বন্ধ হয়নি। অথচ সিদ্দিক বাজার থেকে গুলিস্তান-নবাবপুর ও সদরঘাট থেকে গুলিস্তান চলাচলে এই ফুটপাত ব্যবহার করে পথচারীরা।

সিদ্দিক বাজারের পানির ট্যাংক এলাকার স্থানীয় বাসিন্দা সুমন আহমেদ বলেন, এই সড়কের উত্তর পাশে ফুটপাতের ওপর ২০১০ সালেও চারটি দোকানঘর নির্মাণ করেছিল ডিএসসিসি। এতে পথচারীদের চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। নতুন করে এই স্থাপনা নির্মাণ করা হলে পথচারীদের দুর্ভোগ বাড়বে।

একই এলাকার আরেক বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ফুলবাড়িয়া বাস টার্মিনালের ভেতরে অনেক টয়লেট রয়েছে। তাই নতুন করে ফুটপাত দখল করে টয়লেট নির্মাণের প্রয়োজন নেই। ১৫ জানুয়ারি থেকে গুলিস্তান, ফুলবাড়িয়া, পল্টন ও মতিঝিল এলাকার ফুটপাত থেকে হকারদের উচ্ছেদে টানা পাঁচ দিন অভিযান চালাচ্ছে ডিএসসিসি। অথচ এই স্থানে কাউন্সিলর নিজেই ফুটপাত দখল করছেন।

জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর মীর সমীর প্রথম আলোকে বলেন, ‘এই এলাকায় পাবলিক টয়লেট না থাকায় পথচারীদের অনেক কষ্ট করতে হয়। তাই ডিএসসিসির প্রকৌশল বিভাগের অনুমতি ও তাদের অর্থায়নে এই টয়লেট নির্মাণ করা হচ্ছে। এতে পথচারীদের চলাচলে কোনো সমস্যা হবে না।’

নিয়ম অনুসারে স্থাপনা নির্মাণের জন্য সম্পত্তি বিভাগের অনুমতি নিতে হয়। কিন্তু সম্পত্তি বিভাগ প্রথম আলোকে জানায়, এ ধরনের কোনো অনুমতি তারা দেয়নি।