ফুলবাড়ী সীমান্তে অনুপ্রবেশের অপরাধে ভারতীয় নাগরিক আটক
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গত বুধবার রাতে আবু তালেব (৪৪) নামের ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়।
এলাকাবাসী ও বিজিবি জানায়, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী উপজেলার ধুলারকুটি সীমান্তের গোরকমণ্ডপ ক্যাম্পের বিজিবি টহল দল সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আবু তালেবকে আটক করে। আটক ভারতীয় নাগরিক কোচবিহার জেলার দিনহাটা থানার কিষামত করলা গ্রামের বাসিন্দা।
এ দিকে ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার নারায়ণগঞ্জ ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা জানতে পেরে গতকাল বৃহস্পতিবার সকালে গোরকমণ্ডপ ক্যাম্পে আটক ব্যক্তিকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠিয়েছেন। কুড়িগ্রাম ৪৫ বিজিবি গোরকমণ্ডপ ক্যাম্পের কমান্ডার হাবিলদার মিজান ঘটনার সত্যতা ও চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।