ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার উত্তর অনন্তপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

এর প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আহত যুবকের নাম আমিনুল ইসলাম। তিনি ওই সীমান্ত এলাকার আশরাফ আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোরে ভারত ও বাংলাদেশের কয়েকজন গরু ব্যবসায়ী যোগসাজশ করে ১৫-২০টি গরু বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করছিলেন। তাঁরা যখন উত্তর অনন্তপুর সীমান্তের ৯৪৭ নম্বর মেইন পিলারের কাছে অবস্থান করছিলেন তখন বিএসএফের ৪২ নম্বর ব্যাটালিয়নের অধীন থরাইখানা চৌধুরীর হাট ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এ সময় বাংলাদেশি যুবক আমিনুল ইসলামের পিঠে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থাতেই আমিনুল অন্যদের সঙ্গে পালাতে সক্ষম হন। আমিনুল স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪৫ বিজিবির অধীন অনন্তপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার নাজমুল হোসেন জানান, এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। পতাকা বৈঠক হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।