কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বিরোধকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর দুর্বৃত্তদের হামলায় পাঁচ শিক্ষক আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষক রিয়াজুল হক বলেন, দুই বছর আগে প্রধান শিক্ষকের পদটি ফাঁকা হয়। পরে গত বছরের ১৫ নভেম্বর বড়ভিটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খয়বর আলীকে সভাপতি করে দিনাজপুর শিক্ষা বোর্ড একটি ম্যানেজিং কমিটির অনুমোদন দেয়। কিন্তু অনিয়মের অভিযোগে ৮ জানুয়ারি বোর্ড অপর এক চিঠিতে কমিটি বাতিল করে। কিন্তু কমিটির সভাপতি খয়বর আলী জুনিয়র শিক্ষক মতিয়ার রহমানকে ৩ জানুয়ারি গোপনে নিয়োগ দেন। গতকাল মঙ্গলবার সকালে দলবল নিয়ে এসে তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেন ওই সভাপতি। হাজিরা খাতা পরিবর্তন করে পেছনের তারিখে স্বাক্ষর করতে চাইলে কয়েকজন শিক্ষক এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর সঙ্গে থাকা লোকজন ওই শিক্ষকদের ওপর হামলা চালান। এতে সহকারী শিক্ষক রিয়াজুল হক, সাইদুল হক, আবদুল হাই, বেলাল হোসেন ও আরজুমা পারভীন আহত হন। তাঁদের মধ্যে রিয়াজুল, সাইদুল ও আবদুল হাইকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাব হোসেন বলেন, ‘ধাক্কাধাক্কি ও কথা-কাটাকাটি হয়েছে। কেউ আহত হওয়ার কথা জানি না।’
এ ব্যাপারে জানতে মতিয়ার ও খয়বর আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ দেননি।