ফুলবাড়ীতে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খাইরুল ইসলাম (৩২) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার কাশিপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
খাইরুল ফুলবাড়ীর দক্ষিণ অনন্তপুর গ্রামের শহিদার রহমানের ছেলে। তিনি রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা যায়, সীমান্তের ৯৪২ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাব-পিলারের বিপরীতে ভারতের সেউটি-২ এলাকা হয়ে দুই দেশের ১৬ থেকে ১৭ জন চোরাকারবারি মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে গরু পাচারের চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাঁদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে খাইরুল ইসলাম বুকে গুলিবিদ্ধ হন। সঙ্গীরা তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আনেন। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আবদুল মজিদ বলেন, এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে গতকাল বুধবার বিএসএফকে চিঠি দেওয়া হয়। এরপর বেলা ১১টার দিকে সীমান্তের ৯৪২ পিলারের কাছে উভয় পক্ষের মধ্যে কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে তিনি এবং ভারতের পক্ষে সেউটি-২ ক্যাম্পের কমান্ডার এ সি সিং নেতৃত্ব দেন। তবে পতাকা বৈঠকে বিএসএফ গুলি বর্ষণের অভিযোগ অস্বীকার করেছে।