ফুলবাড়ীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খাইরুল ইসলাম (৩২) নামের এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উপজেলার কাশিপুর ধর্মপুর নাজির হাট সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত খাইরুলকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ অনন্তপুর গ্রামের শহিদার রহমানের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার কাশিপুর সীমান্তের মেইন পিলার ৯৪২-এর সাব পিলার ৮-এর বিপরীত পাশের ভারতের সেউটি-২ এলাকা দিয়ে কাঁটাতারে মই লাগিয়ে উভয় দেশের ১৬-১৭ জন চোরাকারবারির একটি দল গরু পাচার করছিল। এ সময় ভারতের দিনহাটা থানাধীন সেউটি-২ ক্যাম্পের বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। তখন খাইরুলের বুকের ডান পাশে একটি গুলি বিদ্ধ হয়। পরে খাইরুলের সঙ্গীরা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে বাংলাদেশের ভেতরে নিয়ে আসেন।

৪৫ বিজিবির অধীন কাশিপুর বিজিবির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশিকে গুলি করে আহত করার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফের সেউটি-২ কোম্পানিকে চিঠি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সীমান্তের ৯৪২ পিলারের কাছে আজ বুধবার বেলা ১১টার দিকে দুই দেশের ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে শিমুলবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার আবদুল মজিদ এবং বিএসএফের পক্ষে সেউটি-২ ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর এ সি সিং নেতৃত্ব দেন।

কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি প্রথম আলোকে জানান, পতাকা বৈঠকে বিএসএফ গুলিবর্ষণের কথা স্বীকার করেনি।